রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু, পরিবারে শোকের মাতম

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ২০:১৪

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি উচ্চতর গবেষণা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় মাদারীপুর জেলায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হলেও মাদারীপুরের মেয়ে নাহিদা সুলতানা বৃষ্টিকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তবে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী তার পরিবারকে জানিয়েছে, তিনিও মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফ্লোরিডার ট্যাম্পা এলাকার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড সেতু থেকে জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করা হয়। একই ঘটনায় নিখোঁজ থাকা বৃষ্টির মৃত্যুর বিষয়টি শনিবার ভোরে তার পরিবারকে নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের পুলিশ।

নিহত বৃষ্টির বাড়ি মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর এলাকার চরগোবিন্দপুর গ্রামে। তবে তার বাবা জহিরউদ্দিন দ্বীন মোহাম্মদের চাকরির কারণে পরিবারটি ঢাকায় বসবাস করত। উচ্চশিক্ষার উদ্দেশ্যে ২০২৫ সালের ১২ আগস্ট তিনি যুক্তরাষ্ট্রে যান।

মেয়ের মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন তার বাবা। তিনি বলেন, মেয়ের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার পাশাপাশি দোষীদের বিচার দাবি করেন তিনি।

গ্রামের বাড়িতে গিয়ে বৃষ্টির পরিবারকে না পাওয়া গেলেও আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের আবহ বিরাজ করছে। পরিবারের স্বপ্নগুলো এখন গভীর শোকে পরিণত হয়েছে।

এদিকে এ ঘটনায় জামিল আহমেদের সঙ্গে থাকা একই কক্ষে অবস্থানকারী এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। দ্রুত বৃষ্টির মরদেহ উদ্ধারের দাবি জানিয়েছেন স্বজনরা।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top