বৃহঃস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

মানবাধিকার ইস্যুতে যুগান্তকারী পদক্ষেপ নিল বাংলাদেশ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:২৯

সংগৃহীত

রাষ্ট্র কর্তৃক নির্যাতন বা গুমের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অধিকার কার্যকরভাবে নিশ্চিত করতে জাতিসংঘে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নির্যাতন এবং অন্যান্য নিষ্ঠুর, অমানবিক বা অবমাননাকর আচরণ বা শাস্তির বিরুদ্ধে কনভেনশনের অনুচ্ছেদ ১৪(১)–সংক্রান্ত বাংলাদেশের দেওয়া সংরক্ষণী শর্ত প্রত্যাহারের প্রস্তাব জাতিসংঘে গৃহীত হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৯ ডিসেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে এই ঘোষণাপত্র প্রত্যাহারের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্যাতনবিরোধী কনভেনশনটি ১৯৮৪ সালে গৃহীত হয় এবং বর্তমানে ১৭৩টি রাষ্ট্র এটি অনুসমর্থন করেছে। বাংলাদেশ ১৯৯৮ সালে কনভেনশনটিতে অনুসমর্থন দেয়। তবে অনুসমর্থনের সময় অনুচ্ছেদ ১৪(১)-এর ক্ষেত্রে বাংলাদেশসহ মোট পাঁচটি দেশ—বাহামা, ফিজি, নিউজিল্যান্ড, সামোয়া ও যুক্তরাষ্ট্র—সংরক্ষণী শর্ত আরোপ করেছিল।

এই সংরক্ষণী শর্তের কারণে এতদিন রাষ্ট্রীয় নির্যাতন বা গুমের শিকার ব্যক্তিদের ন্যায্য ও পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের অধিকার কার্যকরভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। এখন সংরক্ষণী শর্ত প্রত্যাহারের ফলে ভুক্তভোগীদের জন্য ক্ষতিপূরণ ও পুনর্বাসন পাওয়ার পথ সুগম হলো। পাশাপাশি নির্যাতনের কারণে কোনো ভুক্তভোগীর মৃত্যু হলে, তাঁর ওপর নির্ভরশীল ব্যক্তিরাও ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী হবেন।

উপদেষ্টা পরিষদের মতে, এই সিদ্ধান্ত একটি যুগান্তকারী ও ঐতিহাসিক পদক্ষেপ। এর মাধ্যমে মানবাধিকার সংরক্ষণে বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি আরও শক্তিশালী হবে এবং রাষ্ট্রীয় জবাবদিহিতা ও স্বচ্ছতা বাড়বে। উল্লেখ্য, এটি বাংলাদেশের মানবাধিকার কর্মীদের দীর্ঘ প্রায় দুই দশকের দাবি ছিল।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top