শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

২৭ দুর্গম ভোটকেন্দ্রে ছয় প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৫

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে খাগড়াছড়ির পানছড়ি ও দীঘিনালা উপজেলায় সার্বিক নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে দুর্গম ২৭টি ভোটকেন্দ্রে ছয় প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

নির্বাচনি দায়িত্বের অংশ হিসেবে পানছড়ি উপজেলার ২৫টি এবং দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে গত ৩০ জানুয়ারি থেকে পানছড়ি উপজেলায় চারটি বেইজ ক্যাম্প স্থাপন করে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

এছাড়া দীঘিনালা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা নাড়াইছড়িতে অবস্থিত একটি হেলি-সাপোর্টেড ভোটকেন্দ্রেও সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। মোতায়েন করা বিজিবি সদস্যরা যানবাহন, পায়ে হেঁটে এবং নদী পারাপারের মাধ্যমে নিয়মিত ডমিনেশন টহল পরিচালনা করছেন।

নির্বাচন ঘিরে ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় ড্রোন নজরদারি, বডি ওর্ন ক্যামেরা এবং আধুনিক রায়ট কন্ট্রোল সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি লোগাং বিজিবি ক্যাম্প ও গিলাতলী বিওপি এলাকায় দুটি চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।

ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে জনসংযোগ ও জনসচেতনতামূলক কার্যক্রম, ঝুঁকি বিশ্লেষণ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিত টহল অব্যাহত রয়েছে।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে উপকূলীয় ছয়টি উপজেলা বাদে ৪৮৯টি উপজেলায় ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনি দায়িত্ব পালন করছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top