রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

নির্বাচন ঘিরে আজ মাঠে নামছে ১০৫১ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০২

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আজ রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে মাঠে নামছেন ১ হাজার ৫১ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তারা আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনী মাঠে দায়িত্ব পালন করবেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে এ তথ্য জানান। একই সঙ্গে তিনি জানান, নির্বাচনকে ঘিরে সেনাবাহিনীর অতিরিক্ত সদস্যসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শুরু করছেন।

নির্বাচন কমিশনার বলেন, সেনাবাহিনী আগেই মাঠে রয়েছে। রোববার থেকে আরও সদস্য যুক্ত হবে। ভোটের আগে ও পরে মোট সাত দিন তারা দায়িত্বে থাকবে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে একাধিক বৈঠক হয়েছে জানিয়ে তিনি বলেন, মাঠপর্যায়ের পরিস্থিতি ভালো এবং নির্বাচন আয়োজনের জন্য অনুকূল।

তিনি আরও বলেন, সব ব্যালট বাক্স ইতোমধ্যে জেলায় জেলায় পাঠানো হয়েছে। রিটার্নিং কর্মকর্তারা সেগুলো গ্রহণ করছেন। এখন সংশ্লিষ্ট সবাই ভোটের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক পরিপত্রে জানানো হয়, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পুলিশ, বিজিবি, আনসার-ভিডিপি ও কোস্ট গার্ড মোতায়েন করা হবে। পাশাপাশি বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় সশস্ত্র বাহিনীর সদস্যদেরও মাঠে রাখা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এবারের নির্বাচনে মোট ৯ লাখ ৭০ হাজারের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্য ৫ লাখ ৭৬ হাজার ৪৮৩ জন, সেনাবাহিনী ১ লাখ ৩ হাজার, নৌবাহিনী ৫ হাজার, বিমানবাহিনী ৩ হাজার ৭৩০, বিজিবি ৩৭ হাজার ৪৫৩, কোস্ট গার্ড ৩ হাজার ৫৮৫, পুলিশ ১ লাখ ৮৭ হাজার ৬০৩, র‍্যাব ৯ হাজার ৩৪৯ এবং চৌকিদার-দফাদার ৪৫ হাজার ৮২০ জন।

পরিপত্রে আরও বলা হয়, নির্বাচনী এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্ট গার্ড, র‍্যাব, পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও আনসার ব্যাটালিয়ন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। উপকূলীয় এলাকায় কোস্ট গার্ড বিশেষভাবে মোতায়েন থাকবে। সব বাহিনী রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top