পাকিস্তান থেকে মালবাহী ওয়াগন ও বগি কিনতে আগ্রহী বাংলাদেশ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৫
পাকিস্তান থেকে কম মূল্যে মালবাহী ওয়াগন ও বগি কেনার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। রোববার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের দুই সদস্যের প্রতিনিধি দল ইসলামাবাদ ও লাহোরে অবস্থিত পাকিস্তান রেলওয়ের মুঘলপুরা কারিগরি কারখানা পরিদর্শন করেছেন। সেখানে তারা ট্রেনের বগি, ওয়াগন ও অন্যান্য সরঞ্জাম তৈরির প্রক্রিয়া সরাসরি দেখেছেন।
পাকিস্তান রেলওয়ের লাহোরভিত্তিক কর্মকর্তারা জানান, বাংলাদেশের আন্তর্জাতিক সংগঠন ও কনস্যুলার অ্যাফেয়ার্স সচিব এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন খান গত শুক্রবার মুঘলপুরা ওয়ার্কশপ পরিদর্শন করেন। ওয়ার্কশপের প্রধান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মুহাম্মদ নাসির খালিলি প্রতিনিধি দলকে কার্যক্রম, প্রযুক্তিগত সক্ষমতা এবং চলমান প্রজেক্ট সম্পর্কে জানান। এছাড়া ওয়ার্কশপের কাজকর্ম নিয়ে একটি সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্রও দেখানো হয়।
পরবর্তীতে প্রতিনিধি দলকে মুঘলপুরার লোকোমোটিভ বা ইঞ্জিন ওয়ার্কশপে নিয়ে যাওয়া হয়, যেখানে তারা ইঞ্জিন রক্ষণাবেক্ষণ ও উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে অবহিত হন। বাংলাদেশের প্রতিনিধি দল বলেছে, সফরটি দুই দেশের শক্তিশালী সম্পর্ককে আরও দৃঢ় করেছে।
পাকিস্তান রেলওয়ে বর্তমানে শ্রীলঙ্কা, নেপাল, চিলি ও আর্জেন্টিনায় ব্রডগেজ লাইনের জন্য ওয়াগন ও বগি সরবরাহ করছে। পাক রেলওয়ের কর্মকর্তা খালিলি জানিয়েছেন, বাংলাদেশের রেলওয়ের বিশেষজ্ঞ দল প্রযুক্তিগত তথ্য জানার জন্য পাকিস্তান সফর করবেন। তিনি দ্য ডনকে বলেছেন, “বাংলাদেশ ওয়াগন ও বগি কেনার বিষয়ে আগ্রহ দেখিয়েছে, যদিও ভারতের সঙ্গেও আলোচনা চলছে।”
পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে রেলওয়ে টু রেলওয়ে সম্পর্ক উন্নয়নে জোর দিয়েছেন। তিনি বলেন, “এ সম্পর্ক উভয় পক্ষের জন্যই লাভজনক হবে।”
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।