রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:২৫

ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টাG ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচন হবে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে দুইটার দিকে রংপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আয়োজিত আইনশৃঙ্খলা–বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,  “খুব শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। আপনারা হেল্প করবেন—কোথাও যদি কোনো রকম কারচুপি হয়, সঙ্গে সঙ্গে জানাবেন। আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব।”

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নির্বাচন সুষ্ঠু হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “যে জায়গায় যে রকম ব্যবস্থা নেওয়ার প্রয়োজন, সেই অনুযায়ী আমাদের প্রস্তুতি নেওয়া হয়েছে। আজকের মতবিনিময় সভায় এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। একটি ফ্রি, ফেয়ার ও ক্রেডিবল নির্বাচন অনুষ্ঠিত হবে।”

এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top