জাতীয় নির্বাচনের ইশতেহার অনলাইনে
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:০৮
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির মাঝেই রাজনৈতিক দলগুলো তাদের ইশতেহার প্রকাশ করছে। সেই প্রেক্ষিতে একটি গবেষণা প্রকল্পের অংশ হিসেবে ১৯৯১ সাল থেকে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে প্রধান রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহার এক জায়গায় অনলাইনে সংরক্ষণ করা হয়েছে।
‘বাংলাদেশের নির্বাচনে রাজনৈতিক দলের ইশতেহার’ শীর্ষক এই প্রকল্পের গবেষকরা হলেন অধ্যাপক আলী রীয়াজ এবং এম এম মুসা। প্রকল্পের ওয়েবসাইটে (https://www.votemanifesto.com/
) ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের জন্য ইতোমধ্যে প্রকাশিত ইশতেহারও যুক্ত করা হয়েছে।
ওয়েবসাইটের লক্ষ্য সম্পর্কে জানানো হয়েছে, ১৯৯১ সালের পর থেকে বিভিন্ন নির্বাচনে রাজনৈতিক দলগুলো কী প্রতিশ্রুতি দিয়েছিল এবং কী কর্মসূচি নির্ধারণ করেছিল তা সাংবাদিক, নাগরিক এবং গবেষকদের সুবিধার জন্য একটি কেন্দ্রীভূত ডাটাবেজে সংরক্ষণ করা। এতে ভোটাররা দলের আদর্শিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা সহজে তুলনা করতে পারবেন।
গবেষণা প্রকল্পের বর্ণনায় বলা হয়েছে, গণতান্ত্রিক ব্যবস্থার একটি মূল স্তম্ভ হলো নির্বাচন। সংসদীয় ব্যবস্থায় নাগরিকরা জাতীয় পর্যায়ের নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করেন। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নাগরিকদের দেশের শাসন ব্যবস্থায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে।
নির্বাচনে অংশগ্রহণকারী দল ও স্বতন্ত্র প্রার্থীরা নিজেদের মনোনয়ন দেয়ার পাশাপাশি নির্বাচনী ইশতেহার প্রকাশ করে। এই ইশতেহার নাগরিকদের কাছে দলের প্রতিশ্রুতি হিসেবে কাজ করে। নির্বাচন জয়ী হলে, বিজয়ী দল ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী দেশ পরিচালনা করে এবং জনগণ সেই ভিত্তিতেই দলের কার্যক্রম বিচার করে।
প্রকল্পের অন্যতম গবেষক অধ্যাপক আলী রীয়াজ যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর এবং আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ (এআইবিএস)-এর প্রেসিডেন্ট। ড. রীয়াজ বর্তমানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে, এম এম মুসা লেখক ও গবেষক। তিনি সাংবাদিকতার পেশাগত জীবনে কাজ করেছেন এবং দেশের বিভিন্ন গণমাধ্যমে উন্নয়ন, প্রান্তিক জনগোষ্ঠির জীবন ও সামাজিক ইস্যু নিয়ে নিয়মিত লেখালেখি করেন।
ওয়েবসাইটটি ভোটারদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্যভান্ডার হিসেবে বিবেচিত হচ্ছে, যা নির্বাচনী সিদ্ধান্ত গ্রহণ ও দলগুলোর কর্মপরিকল্পনার মূল্যায়নে সহায়ক ভূমিকা রাখবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।