সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

ফুকেট উপকূলে কাত হয়ে ডুবে গেল কন্টেইনার জাহাজ, ১৬ বাংলাদেশি নাবিক উদ্ধার

জোবায়ের হোসেন | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৪

ফুকেট উপকূলে কাত হয়ে ডুবে গেল কন্টেইনার জাহাজ, ১৬ বাংলাদেশি নাবিক উদ্ধার  জোবায়ের হোসেন, চট্টগ্রাম: মালয়েশিয়া থেকে কন্টেইনার ভর্তি পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ডের ফুকেট । ছবি: সংগৃহীত

মালয়েশিয়া থেকে কন্টেইনার ভর্তি পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ডের ফুকেট উপকূলে ডুবে গেছে একটি কন্টেইনার জাহাজ। জাহাজটিতে থাকা ১৬ জন বাংলাদেশি নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

পানামার পতাকাবাহী ‘এমভি সিলয়েড এআরসি’ নামের জাহাজটি শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে ফুকেট উপকূল থেকে প্রায় ৪ নটিক্যাল মাইল দূরে হঠাৎ কাত হয়ে ডুবে যেতে শুরু করে। জাহাজটিতে মোট ২০০টি কন্টেইনার ছিল।

জাহাজটির বাংলাদেশি এজেন্ট প্রতিষ্ঠান আলভি লাইন্স বাংলাদেশ-এর অপারেশনাল ম্যানেজার বোরহান উদ্দিন জানান, জাহাজটি মালয়েশিয়ার পোর্ট কেলাং থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ফুকেট উপকূলে পৌঁছালে জাহাজটি প্রায় ৩০ ডিগ্রি কাত হয়ে আংশিকভাবে ডুবে যায়।

তিনি বলেন, “পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হওয়ায় জাহাজের ক্যাপ্টেন এটিকে পরিত্যক্ত ঘোষণা করেন। জাহাজে থাকা ১৬ জন নাবিককে থাই নেভির সহায়তায় নিরাপদে উদ্ধার করে ফুকেটের একটি হোটেলে নেওয়া হয়েছে। সবাই সুস্থ আছেন।”

জাহাজটি গত ৫ ফেব্রুয়ারি পোর্ট কেলাং থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয় এবং ১২ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা ছিল। উদ্ধার হওয়া নাবিকরা কয়েক দিনের মধ্যে দেশে ফিরবেন।

জাহাজটি কেন কাত হয়ে ডুবে গেল, তাৎক্ষণিকভাবে জানা যায়নি। থাইল্যান্ডের নৌবাহিনী জাহাজটি উদ্ধারের কাজ শুরু করেছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top