জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দূরপাল্লার বাস চলাচলে নতুন সিদ্ধান্ত
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৪৩
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগের দিন অর্থাৎ ১১ ফেব্রুয়ারি (বুধবার) সারা দেশে দূরপাল্লার বাস চলাচল করবে। তবে ভোটের দিন বাস চলাচলের ওপর কোনো নিষেধাজ্ঞা থাকলেও কর্মীদের ছুটির কারণে অধিকাংশ সার্ভিস বন্ধ থাকতে পারে।
বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতির সভাপতি রমেশ চন্দ্র ঘোষ রোববার (৮ ফেব্রুয়ারি) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, ১১ ফেব্রুয়ারি বাস চলবে, তবে ওই দিনের টিকিটের চাহিদা তুলনামূলক কম। অন্যদিকে ১০ ফেব্রুয়ারির টিকিটের জন্য চাহিদা প্রচুর।
ভোটের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি বাস চলাচলের বিষয়ে তিনি বলেন, “১২ ফেব্রুয়ারি কোনো সরকারি নিষেধাজ্ঞা নেই, তবে কর্মীদের অধিকাংশ ছুটি নিয়েছেন। সেজন্য অনেক বাস সার্ভিস বন্ধ থাকতে পারে। ভোট শেষ হওয়ার পর রাত থেকে পুনরায় সার্ভিস চালু হতে পারে।”
এর আগে নির্বাচন কমিশনের নির্দেশনায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ভোটের দিন সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৩২ ধারা অনুযায়ী ট্যাক্সি, ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এই নিষেধাজ্ঞা ১১ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে।
একই সঙ্গে ১০ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলও বন্ধ থাকবে। তবে জরুরি প্রয়োজনে এবং নির্বাচন সংশ্লিষ্ট কাজে কিছু শিথিলতা রাখা হয়েছে। দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন ও স্থানীয় পরিবহনের জন্য প্রয়োজনীয় চলাচল বিধিনিষেধ থেকে মুক্ত থাকবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।