শেষ হলো নির্বাচনি প্রচারণা, ভোটের কাউন্টডাউন শুরু
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫১
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে চলা আনুষ্ঠানিক প্রচার-প্রচারণার ইতি টানা হলো মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায়। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী ভোটগ্রহণ শুরুর ঠিক ৪৮ ঘণ্টা আগে সব ধরনের নির্বাচনি প্রচার বন্ধ করার নিয়ম রয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, রাজনৈতিক দল ও প্রার্থীরা প্রচারে ব্যস্ত থাকলেও নির্ধারিত সময় অনুযায়ী মঙ্গলবার সকাল সাড়ে ৭টার মধ্যে সব কার্যক্রম শেষ করতে হবে।
ইসি কর্মকর্তারা জানান, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হবে। সে হিসেবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টার পর থেকে কোনো প্রার্থী বা দল প্রচার চালাতে পারবে না। এবারের নির্বাচনে ২২ ডিসেম্বর থেকে মোট ২০ দিনের প্রচারের সুযোগ পেয়েছিল রাজনৈতিক দল ও প্রার্থীরা।
ইসি সূত্রে জানা গেছে, ১২ ফেব্রুয়ারি দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। তবে সম্প্রতি জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন বাতিল করা হয়েছে।
এই নির্বাচনে অংশ নিচ্ছে ৫১টি রাজনৈতিক দল। মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ৩৪ জন, যার মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৭৫ জন। দলভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি। দলটির প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৯১ জন প্রার্থী।
প্রার্থী সংখ্যায় এরপরেই রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির ২৫৮ জন প্রার্থী ‘হাতপাখা’ প্রতীক নিয়ে মাঠে আছেন। জামায়াতে ইসলামীর ২২৯ জন প্রার্থী ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। জাতীয় পার্টির ‘লাঙ্গল’ প্রতীক নিয়ে লড়ছেন ১৯৮ জন প্রার্থী।
এছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩২ জন প্রার্থী ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি ৭৬ জন নির্বাচন করছেন ‘ফুটবল’ প্রতীক নিয়ে।
প্রচারণা শেষ হওয়ায় এখন পুরো দেশ তাকিয়ে রয়েছে ১২ ফেব্রুয়ারির ভোটের দিকে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।