মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

এক ধাপ অবনতি, দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান ১৩তম: টিআইবি

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩১

ছবি: সংগৃহীত

দুর্নীতির ধারণাসূচকে (সিপিআই) এক ধাপ অবনতি হয়ে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় ১৩তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। ১৮২টি দেশের মধ্যে বাংলাদেশের স্কোর ১০০-এর মধ্যে ২৪। উচ্চক্রম অনুযায়ী দেশের অবস্থান ১৫০তম। গত বছর এই তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১৪তম।

বার্লিনভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) প্রকাশিত দুর্নীতির ধারণাসূচক ২০২৫ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। মঙ্গলবার (আজ) সকালে রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে রয়েছে ডেনমার্ক, যার স্কোর ৮৯। অপরদিকে মাত্র ৯ স্কোর নিয়ে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে রয়েছে দক্ষিণ সুদান ও সোমালিয়া।

টিআইবি মনে করছে, চলতি বছরে বাংলাদেশের স্কোর এক পয়েন্ট বাড়ার পেছনে জুলাই অভ্যুত্থানের পর সূচিত গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সুশাসনের সম্ভাবনার প্রাথমিক প্রভাব কাজ করেছে। তবে রাষ্ট্রসংস্কার প্রক্রিয়ার বাস্তব অগ্রগতির প্রতিফলন সংশ্লিষ্ট তথ্যসূত্রে এখনো পুরোপুরি ধরা পড়েনি, কারণ সেগুলোর মেয়াদভুক্ত সময় এর বাইরে ছিল।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এবার কোনো দেশই শতভাগ স্কোর অর্জন করতে পারেনি। পাশাপাশি বৈশ্বিকভাবে দুর্নীতির বিস্তার অব্যাহত রয়েছে। বিশ্বের প্রায় ৮০ শতাংশ মানুষ এমন দেশে বাস করে, যেগুলো উচ্চমাত্রার দুর্নীতিতে আক্রান্ত। এমনকি যেসব দেশ নিজেদের গণতান্ত্রিক বলে দাবি করে, সেখানেও দুর্নীতির প্রবণতা বাড়ছে।

টিআইবির মূল্যায়নে বলা হয়েছে, রাষ্ট্রসংস্কার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি না থাকায় বাস্তবে বাংলাদেশের স্কোর ও অবস্থানে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন হয়নি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top