নির্বাচনে ৯০ শতাংশ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে: আইজিপি
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৭
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের প্রায় ৯০ শতাংশ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া সেন্টারে ‘জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি’ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
আইজিপি বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নিরাপত্তা ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। এর অংশ হিসেবে অধিকাংশ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে বডি ক্যামেরা ব্যবহার করা হবে। পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণে পুলিশ সুপারদের মাধ্যমে ড্রোন ব্যবহারের পরিকল্পনাও রয়েছে।
থানা থেকে লুট হওয়া ব্যক্তিগত অস্ত্র নিয়ে এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, যেকোনো অস্ত্রই নিরাপত্তার জন্য হুমকি। দেশীয় বা বিদেশি—সব ধরনের অবৈধ অস্ত্র মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, নির্বাচন ঘিরে বৈধ অস্ত্রের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। এরই মধ্যে বৈধ ২৭ হাজার ৯৯৫টি অস্ত্র জমা নেওয়া হয়েছে।
আইজিপির ভাষ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলেও তিনি আশ্বস্ত করেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।