ভোটের গাড়ির জনমত বাক্সে ভেসে উঠল মানুষের আশা, ক্ষোভ আর স্বপ্ন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:২৯
‘ভোটের গাড়ি’র প্রচারণায় রাখা জনমত বাক্সে টুকরো কাগজে নিজের মনের কথা লিখে জানিয়েছেন দেশের সাধারণ মানুষ। ব্যক্তিগত দুঃখ-কষ্ট থেকে শুরু করে রাষ্ট্র সংস্কার, সুষ্ঠু নির্বাচন, ন্যায়বিচার, বাজার নিয়ন্ত্রণ, সংখ্যালঘু নিরাপত্তা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশের প্রত্যাশা—সবই উঠে এসেছে এসব মন্তব্যে। কোথাও এসেছে সরকারের সমালোচনা, কোথাও ব্যক্তিগত ক্ষোভও।
‘দেশের চাবি, আপনার হাতে’ শীর্ষক গণভোট ২০২৬ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে পরিচালিত ভোটের গাড়ির মাধ্যমে ৪০ হাজার ২০৬ জন নাগরিক তাদের মতামত লিখে সরাসরি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে জানিয়েছেন।
বিভাগভিত্তিক হিসাবে ঢাকা বিভাগ থেকে এসেছে ১০ হাজার ২১৬টি, চট্টগ্রাম থেকে ৬ হাজার ৬টি, রাজশাহী থেকে ৫ হাজার ৭৩৮টি, খুলনা থেকে ৪ হাজার ৬৭৮টি, রংপুর থেকে ৩ হাজার ৬০৫টি, বরিশাল থেকে ২ হাজার ১২৪টি, ময়মনসিংহ থেকে ১ হাজার ৭৯৯টি এবং সিলেট থেকে ১ হাজার ৬৫১টি মন্তব্য।
ভোটের গাড়ি সারাদেশের ইউনিয়ন, উপজেলা ও জেলা সদরের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের প্রায় ২ হাজার ১৬৯টি স্থানে গিয়ে প্রচারণা চালায়।
গাজীপুরের ১০ বছর বয়সী রাফা লিখেছে, “আমি ভবিষ্যৎ বাংলাদেশে নিরাপদভাবে বেঁচে থাকার পরিবেশ দেখতে চাই। সেই বাংলাদেশ গড়ার জন্য নীতি-নির্ধারক তৈরি করার নির্বাচন চাই।”
কুমিল্লার দেওয়ান সালাহউদ্দিন লিখেছেন, “মানুষ সুষ্ঠু ভোট দিতে চায়। কেন্দ্রে দাঙ্গা-হাঙ্গামা যেন না হয়। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব।”
চট্টগ্রামের গোলাম রাব্বানি জানিয়েছেন, বেসরকারি চাকরির কারণে ভোট দিতে সমস্যার কথা। ঠাকুরগাঁওয়ের এক দিনমজুর লিখেছেন, “গরুর মাংস কিনে খেতে পারি না। বাজারে সিন্ডিকেট চলতেছে।”
বরিশালের সাদিক বলেছেন, “শিক্ষকদের মান উন্নয়ন ছাড়া আদর্শ রাষ্ট্র সম্ভব না।” পিরোজপুর থেকে একজন লিখেছেন, সব ধর্মের মানুষের সমান অধিকার ও সংখ্যালঘু নিরাপত্তার দাবি জানিয়ে।
দিনাজপুরের কয়েকজন তরুণী জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে রাষ্ট্র সংস্কার, নারী ও শিশুর অধিকার এবং ধর্ষণ মামলার দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন।
জনগণের এসব অকপট ও আবেগঘন মন্তব্য পড়ে উচ্ছ্বসিত প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, জনগণের এই নিঃস্বার্থ ভালোবাসা ও মতামত রাষ্ট্রের অমূল্য সম্পদ। তাই কোনো ধরনের কাটাছেঁড়া ছাড়াই সব প্রশংসা, পরামর্শ, মন্তব্য ও সমালোচনা সংরক্ষণের নির্দেশ দিয়েছেন তিনি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।