সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫২
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
নির্বাচন কমিশন (ইসি) মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতার এবং দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওতে একযোগে সম্প্রচার করা হবে।
নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও ভোটগ্রহণ কার্যক্রম নিয়ে জাতিকে অবহিত করবেন সিইসি—এমনটাই ধারণা করা হচ্ছে। একই সঙ্গে ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হতে পারে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দেশব্যাপী ৪২ হাজার ৬৫৯টি ভোটকেন্দ্রে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনি সামগ্রী বিতরণ, কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও ভাষণে বিস্তারিত তুলে ধরতে পারেন সিইসি।
এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন ও ড্রোনের মাধ্যমে নজরদারি নিশ্চিত করার বিষয়টিও ভাষণে গুরুত্ব পেতে পারে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে কমিশনের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন তিনি।
উল্লেখ্য, গত বছরের ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি। ঘোষিত তফসিল অনুযায়ী আগামীকাল ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।