বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

নির্বাচন ও গণভোট সামনে রেখে প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:১৬

সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (আনফ্রেল)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

রোহানা হেট্টিয়ারাচ্ছির নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদলটি প্রধান উপদেষ্টার সঙ্গে দেশের বর্তমান নির্বাচনী পরিবেশ, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ভূমিকা এবং অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় প্রধান উপদেষ্টা নির্বাচনকে কেন্দ্র করে সরকারের গৃহীত প্রস্তুতি ও পদক্ষেপ সম্পর্কে তাঁদের অবহিত করেন।

সৌজন্য সাক্ষাতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক পর্যবেক্ষক দলকে স্বাগত জানিয়ে বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করা এবং নির্বাচনের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে তাঁদের উপস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি পর্যবেক্ষকদের দায়িত্ব পালনে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ার প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন এবং জানান, তাঁদের পর্যবেক্ষকরা দেশের বিভিন্ন অঞ্চলের ভোটকেন্দ্র পরিদর্শন করে ভোটগ্রহণ প্রক্রিয়ার সামগ্রিক মূল্যায়ন করবেন।

বৈঠক শেষে প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন এবং নির্বাচন দিবসে মাঠপর্যায়ে তাঁদের কর্মপরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।

নির্বাচনের প্রাক্কালে অনুষ্ঠিত এ বৈঠকটি ইতিবাচক কূটনৈতিক আবহ তৈরি করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন, যা নির্বাচনকালীন স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top