ভোটের সময় কত টাকা বহন করা যাবে, জানালেন ইসি সচিব আখতার
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের সময় নাগরিকরা কত টাকা বহন করতে পারবেন—এ নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির অবসান ঘটিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানিয়েছেন, অর্থ বহনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা নির্ধারণ করে দেয়নি নির্বাচন কমিশন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) ইসি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অর্থের বৈধ উৎস ও ব্যবহার দেখাতে পারলে ৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহন করলেও আইনি সমস্যা নেই। ব্যক্তিগত বা ব্যবসায়িক প্রয়োজনে নিয়ম মেনে অর্থ স্থানান্তরে বাধা নেই বলেও স্পষ্ট করেন তিনি।
তবে তিনি সতর্ক করে বলেন, যদি কোনো অর্থ নির্বাচনি পরিবেশ প্রভাবিত করার উদ্দেশ্যে বহন করা হয়, তাহলে কমিশন কঠোর ব্যবস্থা নেবে। ভোটারদের প্রভাবিত করা বা অবৈধ নির্বাচনি প্রচারণায় অর্থ ব্যবহারের অভিযোগ পাওয়া গেলে বিষয়টি সরাসরি ‘নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি’র নজরে আনা হবে।
ইসি সচিব আরও জানান, অর্থের উৎস অবৈধ হলে বা তা কালো টাকা হিসেবে প্রমাণিত হলে পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রচলিত আইনে ব্যবস্থা নেবে।
এদিনই নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে নগদ ৫০ লাখ টাকাসহ আটক করা হয়। পুলিশ জানিয়েছে, অর্থের উৎস ও সম্ভাব্য ব্যবহার যাচাইয়ের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের মাঠে কালো টাকার প্রভাব রোধে তারা বদ্ধপরিকর। বৈধ অর্থ নিয়ে চলাচলে যেন সাধারণ মানুষ হয়রানির শিকার না হন, সে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সন্দেহজনক আর্থিক লেনদেনের ওপর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। বিমানবন্দর, রেলস্টেশন ও আন্তঃজেলা বাস টার্মিনালে তল্লাশি কার্যক্রম বাড়ানো হয়েছে।
স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে অর্থের অপব্যবহার ঠেকানো বড় চ্যালেঞ্জ উল্লেখ করে রাজনৈতিক দলগুলোকেও আর্থিক স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।