নির্বাচনের আগ মুহূর্তে বাংলাদেশ সরকারের প্রতি জাতিসংঘের নতুন বার্তা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:৪৮
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ সরকারের প্রতি নতুন বার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত জাতিসংঘ কার্যালয়। নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ২টায় নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া বার্তায় জাতিসংঘ জানায়, নির্বাচনে অংশগ্রহণ সবার মৌলিক অধিকার। এর মধ্যে নারী ও মেয়েদের অধিকার বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রতিবন্ধী নারী, সংখ্যালঘু সম্প্রদায়ের নারী, ভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষ এবং যারা বৈষম্য ও লিঙ্গভিত্তিক সহিংসতার ঝুঁকিতে রয়েছেন—তাদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা জরুরি।
জাতিসংঘ জানায়, নারী প্রার্থী ও ভোটারদের বিরুদ্ধে সহিংসতা ও হয়রানি, বিশেষ করে অনলাইন নির্যাতন নিয়ে বিভিন্ন নারী সংগঠন ও নাগরিক সমাজ যে উদ্বেগ প্রকাশ করেছে, সে বিষয়ে তারা অবগত। রাজনৈতিক ও জনজীবনে সক্রিয় নারীরা সাইবার বুলিং, ডিপফেক, পরিকল্পিত হয়রানি, ছবি বিকৃত করে অপব্যবহার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে যৌন ইঙ্গিতপূর্ণ কনটেন্ট ছড়ানোর ঘটনার কথা জানাচ্ছেন বলে উল্লেখ করা হয় বার্তায়।
সংস্থাটি জানায়, নারীদের অর্থবহ প্রতিনিধিত্ব ও নেতৃত্ব নিশ্চিত করতে তারা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং নারী অংশগ্রহণ বাড়াতে বাংলাদেশ নির্বাচন কমিশনকে সহায়তা দিচ্ছে। নারীসহ সব ভোটার যেন ভয়ভীতি, বৈষম্য, অনলাইন নির্যাতন বা প্রতিশোধের আশঙ্কা ছাড়াই নির্বাচনে অংশ নিতে পারেন, তা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
রাজনৈতিক নেতা, তাদের দল ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে জাতিসংঘ বলেছে, নির্বাচনী প্রক্রিয়ায় নারীর প্রতি কোনো ধরনের হয়রানি, সহিংসতা বা ভয়ভীতি প্রদর্শন থেকে বিরত থাকতে হবে। নারী প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য অপরিহার্য বলেও উল্লেখ করা হয়।
বার্তার শেষাংশে বলা হয়েছে, বাংলাদেশের কর্তৃপক্ষ নিরাপত্তা, আইনের শাসন ও নাগরিক অধিকার সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রাখবে বলে জাতিসংঘ বিশ্বাস করে। সবার নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে সরকারের পাশে থেকে সহযোগিতা করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।