শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু, অবাধ নির্বাচনের প্রত্যাশা কমনওয়েলথ ও ইইউ’র
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৮
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে বলে জানিয়েছেন কমনওয়েলথ অবজারভার গ্রুপের চেয়ারপারসন ও ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আড্ডো। তিনি আশা প্রকাশ করে বলেন, সারা দেশেই এভাবে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হবে।
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
এদিকে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স আইজাবস বলেন, বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজ একটি গুরুত্বপূর্ণ দিন। নির্ধারিত সময়ে ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে উল্লেখ করে তিনি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয়। তবে ভোর থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সারা দেশে মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। এসব কেন্দ্রে রয়েছে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ। এবারের নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।
নির্বাচনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী রয়েছেন ৮৩ জন—দলীয় ৬৩ জন এবং স্বতন্ত্র ২০ জন।
এবারের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ২৯৯টি আসনে মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।