বৃহঃস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

চমৎকার পরিবেশে ভোট হচ্ছে: ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৭

সংগৃহীত

ডিএমপি কমিশনার এসএম সাজ্জাত আলী বৃহস্পতিবার বলেছেন, রাজধানীতে ভোটগ্রহণ চমৎকার পরিবেশে চলছে। তিনি মোহাম্মদ প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সকাল ১১টায় নিজের ভোট দিয়ে সাংবাদিকদের এ মন্তব্য করেন।

ডিএমপি কমিশনার বলেন, “কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রধান উপদেষ্টা বলেছিলেন, একটি ঐতিহাসিক নির্বাচন করতে চান। আমরা দেখছি, একটি ঐতিহাসিক নির্বাচনই হচ্ছে।”

এক প্রশ্নের জবাবে তিনি জানান, ভোটে কোনো শঙ্কা নেই। ফলাফল পরবর্তী সহিংসতার বিষয়ে তিনি বলেন, “মেজর যে দলগুলো, তারা সবাই বলেছেন ফলাফল যাই হোক, তারা মেনে নেবেন। যেহেতু সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হচ্ছে, তাই সহিংসতার কোনো শঙ্কা নেই।”

ডিএমপি কমিশনার আরও উল্লেখ করেন, গুজব অনেক আগে থেকেই ছড়ানো হচ্ছে। অনেকেই বলেছিলেন নির্বাচন হবে না বা সহিংসতা হবে। কিন্তু দেখা যাচ্ছে, একটি চমৎকার পরিবেশে উৎসবমুখর ভোটগ্রহণ চলছে।

২০১৮ সালের নির্বাচনের স্মৃতিচারণ করে তিনি বলেন, “আমি ২৫ বছরের বেশি সময় ধরে মোহাম্মদপুরে থাকি। ২০১৮ সালের নির্বাচনের সময়ও ভোট দিতে এসেছিলাম। তখন আমাকে গেট দিয়ে ঢোকার সময় বলা হয়েছিল–‘আপনার ভোট হয়ে গেছে।’”

প্রিসাইডিং অফিসার সূত্রে জানা গেছে, সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত প্রথম আড়াই ঘণ্টায় মোহাম্মদ প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট পড়েছে ১১ শতাংশ। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২,৫৮৪ জন। প্রিসাইডিং অফিসার সৈয়দ গোলাম মহিউদ্দিন জানিয়েছেন, ভোটগ্রহণ শুরুর পর নির্ধারিত সময় পর্যন্ত মোট ২৭৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

কেন্দ্র সূত্রে আরও জানা গেছে, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top