বৃহঃস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভোট দেন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩১

সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে ভোট দেন।

ভোটদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেনাপ্রধান দেশবাসীকে নির্ভয়ে ভোট কেন্দ্রে আসার আহ্বান জানান। তিনি বলেন, “জাতির জীবনে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি, সারা দেশে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে। সবাই যেন নির্ভয়ে বাসা থেকে বের হয়ে ভোট কেন্দ্রে যান এবং নিজের ভোট প্রদান করেন।”

নির্বাচন পরিচালনার পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “নির্বাচনের একটি অনুকূল পরিবেশ বিরাজ করছে। আশা করছি, ইনশাআল্লাহ একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে পারব।”

তিনি সংবাদকর্মীদের ভূমিকার প্রশংসা করে বলেন, “মিডিয়ার কর্মীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। আপনারা সারা দেশের পরিস্থিতির প্রকৃত চিত্র জনগণের সামনে তুলে ধরছেন, যা সাধারণ মানুষকে আশ্বস্ত করছে এবং ভোট দিতে উৎসাহিত করছে।” বক্তব্যের শেষে তিনি দেশের সব নাগরিকের মঙ্গল কামনা করেন।

উল্লেখ্য, দীর্ঘ প্রতীক্ষিত জাতীয় নির্বাচনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে দেশের সব স্থানে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার দায়িত্ব পালন করছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top