৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজফ্ল্যাশ নিউজ | প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫১

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে। ২৯৯টি আসনের মধ্যে ঘোষিত ২৮৭টির ফলে স্পষ্ট হয়েছে, সরকার গঠনের পথে এগিয়ে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোট।

ঘোষিত ফল অনুযায়ী বিএনপি ও তাদের শরিকরা পেয়েছে ২১০টি আসন। ফলে দলটির নেতৃত্বেই গঠিত হতে যাচ্ছে নতুন সরকার, যার নেতৃত্ব দেবেন তারেক রহমান। প্রায় তিন দশকেরও বেশি সময় পর দেশ আবার একজন পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে—সবশেষ ১৯৮৮ সালে প্রধানমন্ত্রী হয়েছিলেন কাজী জাফর আহমেদ, জাতীয় পার্টি সরকারের আমলে। ১৯৯০-এর পর থেকে দীর্ঘ সময় সরকার পরিচালনা করেছেন বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া এবং বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৭০টি আসন। অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ৭টি আসনে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিটে দেশব্যাপী ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। সকালটা তুলনামূলক শান্ত থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ে। বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হলে শুরু হয় গণনা, আর রাতেই আসে বেসরকারি ফলাফল।

এদিকে বিজয় উদযাপনে কোনো ধরনের মিছিল না করার নির্দেশ দিয়েছে বিএনপি। দলের প্রেস উইং জানিয়েছে, নিরঙ্কুশ জয়ের জন্য শুক্রবার জুমার নামাজের পর সারা দেশে শুকরিয়া আদায় ও বিশেষ দোয়ার আয়োজন করা হবে। অন্যান্য ধর্মাবলম্বীরাও নিজ নিজ উপাসনালয়ে প্রার্থনা করবেন।

উল্লেখ্য, শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের ভোট স্থগিত থাকায় এবার নির্বাচন হয়েছে ২৯৯ আসনে। মোট প্রার্থী ছিলেন ২ হাজার ২৯ জন—দলীয় ১ হাজার ৭৫৫ এবং স্বতন্ত্র ২৭৪ জন। নারী প্রার্থী ছিলেন ৮৩ জন, যাদের মধ্যে দলীয় ৬৩ ও স্বতন্ত্র ২০ জন।

এ নির্বাচনে মোট ভোটার ছিলেন ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন। বিশ্বের ১২৪টি দেশে পাঠানো হয়েছিল পোস্টাল ব্যালট।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top