নির্বাচিত সংসদ সদস্যদের ও গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ
নিউজফ্ল্যাশ নিউজ | প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২১
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শুক্রবার রাতে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ গেজেট জারি করেন। এতে নির্বাচিত সংসদ সদস্যদের নামের পাশাপাশি তাঁদের পিতা/স্বামীর নাম, মাতার নাম ও ঠিকানা অন্তর্ভুক্ত করা হয়েছে। গেজেট প্রকাশের মধ্য দিয়ে এখন তাঁদের শপথগ্রহণের প্রক্রিয়া শুরু হচ্ছে।
একই রাতে গণভোটের ফলাফলও পৃথক গেজেটে প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮২ লাখ ৬৬০টি এবং ‘না’ ভোট ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬টি। বাতিল ব্যালট পেপারের সংখ্যা ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্র জানিয়েছে, সরকারের বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াতে পারেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। সে ক্ষেত্রে আগামী সোমবার বা মঙ্গলবার শপথ অনুষ্ঠান হতে পারে। একই দিনে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ নেওয়ার সম্ভাবনাও রয়েছে।
তবে সংবিধান অনুযায়ী, প্রথমে শপথ পড়ানোর দায়িত্ব দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বা তাঁর মনোনীত ব্যক্তির। নির্ধারিত তিন দিনের মধ্যে তা সম্পন্ন না হলে পরবর্তী তিন দিনের মধ্যে সিইসি শপথ পড়াতে পারবেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। শুক্রবার ২৯৭ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। উচ্চ আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রাম–২ ও চট্টগ্রাম–৪ আসনের ফলাফলের গেজেট এখনো প্রকাশ করা হয়নি।
ঘোষিত ফল অনুযায়ী, ২৯৭ আসনের মধ্যে বিএনপি পেয়েছে ২০৯টি আসন। ফল স্থগিত থাকা দুই আসনেও দলটির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। তাদের শরিকেরা পেয়েছে তিনটি আসন। অন্যদিকে জামায়াতে ইসলামী অর্জন করেছে ৬৮টি আসন এবং দলটির নেতৃত্বাধীন ১১–দলীয় জোটের অন্যান্য শরিকরা পেয়েছে ৯টি আসন।
গেজেট প্রকাশের মধ্য দিয়ে এখন রাজনৈতিক অঙ্গনে দৃষ্টি শপথ অনুষ্ঠান ও নতুন সরকার গঠনের দিকেই।
নির্বাচিত সংসদ সদস্যদের গেজেটটি বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।
গণভোটের ফলাফলের বিস্তারিত গেজেট দেখতে এখানে ক্লিক করুন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।