দেশের মানুষ আর পুরনো ব্যবস্থায় ফিরতে চান না, গণভোটে রায় হয়ে গেছে: আলী রীয়াজ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:১৯
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, বাংলাদেশের নাগরিকরা অত্যন্ত সুস্পষ্ট ও দ্বিধাহীনভাবে জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কার প্রস্তাবের পক্ষে রায় দিয়েছেন। এই রায় প্রমাণ করে দেশের বৃহদাংশ মানুষ আর পুরনো ব্যবস্থায় ফিরে যেতে কিংবা স্থিতাবস্থা বজায় রাখতে চান না; তারা চান রাষ্ট্রব্যবস্থায় পরিবর্তন ও সংস্কার।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
গণভোটের আগে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস–এর বক্তব্য উদ্ধৃত করে আলী রীয়াজ বলেন, একটি জাতীয় রূপান্তর কখনোই একক সিদ্ধান্ত বা একক শাসনের মাধ্যমে টেকসই হতে পারে না। জনগণই রাষ্ট্রের প্রকৃত শক্তি, আর পরিবর্তনের চূড়ান্ত বৈধতা আসে জনগণের সম্মতি থেকে। দেশের ভবিষ্যৎ দিকনির্দেশ নির্ধারণে জনগণকে সরাসরি মত দেওয়ার সুযোগ দেওয়াই গণতান্ত্রিক পথের ভিত্তি।
তিনি বলেন, গণভোট আয়োজনের লক্ষ্য ছিল রাষ্ট্র সংস্কারের বিষয়ে জনগণের সরাসরি মতামত গ্রহণ। জনগণ সেই আহ্বানে সাড়া দিয়েছেন এবং সংস্কারের পক্ষে জনরায় দিয়েছেন।
আলী রীয়াজ আরও বলেন, গণভোটের ফলাফল কেবল সংখ্যার বিচারে দেখলে হবে না। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন এবং লড়াই করেছেন—তাদের অর্পিত দায়িত্বের স্বীকৃতিই এই রায়। এটি সেই অঙ্গীকারের পুনর্ব্যক্তি, যাতে দীর্ঘ সময়ের রক্তস্রোত, অশ্রুধারা ও নির্যাতনের পুনরাবৃত্তি না ঘটে এবং প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে একটি নতুন রাষ্ট্রব্যবস্থা গড়ে ওঠে।
তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণভোটে প্রকাশিত সুস্পষ্ট জনরায় বাস্তবায়নের দায়িত্ব এখন রাজনৈতিক শক্তিগুলোর। ক্ষমতাসীন দল, জাতীয় সংসদ, সংবিধান সংস্কার পরিষদে প্রতিনিধিত্বকারী দলসমূহ এবং সংসদের বাইরের রাজনৈতিক দলগুলোকেও আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে এই গণরায় বাস্তবায়নে এগিয়ে আসতে হবে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।