ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচিতদের শপথ ১৭ ফেব্রুয়ারি
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৮
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা আগামী ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার শপথ গ্রহণ করবেন। ওই দিন সকালে তাদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।
জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা শনিবার সন্ধ্যায় গণমাধ্যমকে জানান, আপাতত ১৭ ফেব্রুয়ারি শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর, শুক্রবার রাতে নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এর পর থেকেই জাতীয় সংসদ সচিবালয় শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে। সাধারণত এই অনুষ্ঠান জাতীয় সংসদ ভবনের নির্ধারিত শপথকক্ষে অনুষ্ঠিত হয়।
শুক্রবার ঘোষিত ২৯৭ আসনের বেসরকারি ফলাফলে বিএনপি জয় পেয়েছে ২০৯টি আসনে। উচ্চ আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রাম–২ ও চট্টগ্রাম–৪ আসনের ফলাফলের গেজেট এখনও জারি হয়নি। তবে এই দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন বলে জানা গেছে। বিএনপির শরিক দলগুলো পেয়েছে ৩টি আসন।
অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়লাভ করেছে। জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনি ঐক্যের অন্যান্য শরিকরা আরও ৯টি আসন পেয়েছে।
নতুন সংসদের কার্যক্রম শুরু হওয়ার আগে শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রশাসনিক ও সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।