রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৫৭

সংগৃহীত

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, পবিত্র মাহে রমজান আত্মসংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। এই মহিমান্বিত মাসে সিয়াম পালন, দান-সদকা ও ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনের পাশাপাশি পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতি বৃদ্ধির সুযোগ সৃষ্টি হয়। একই সঙ্গে মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য ও ক্ষমা লাভেরও সুবর্ণ সুযোগ এনে দেয় রমজান।

তিনি আরও বলেন, রমজান মাস ব্যক্তি ও জাতীয় জীবনে অন্যায়, দুর্নীতি ও অবিচার পরিহার করে ন্যায় ও কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা জোগায়। ইবাদত-বন্দেগির পাশাপাশি সত্যনিষ্ঠা, ন্যায়পরায়ণতা, সততা ও মানবিকতার চর্চা এই মাসের মূল শিক্ষা। পাশাপাশি দরিদ্র ও বঞ্চিত মানুষের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করতেও রমজানের ভূমিকা অপরিসীম।

দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমের প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আসুন আমরা রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে ভোগ-বিলাস, হিংসা ও বিদ্বেষ পরিহার করি। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বেশি বেশি ইবাদত, কোরআন তেলাওয়াত, দোয়া, তওবা ও সৎকর্মে মনোনিবেশ করি এবং রমজানের পবিত্রতা রক্ষা করি।

তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন সবার রোজা, নামাজ, দান-সদকা ও নেক আমল কবুল হয় এবং রমজানের শিক্ষা জীবনে বাস্তবায়নের তাওফিক দান করা হয়। একই সঙ্গে তিনি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকলের ক্ষমা ও হেফাজত কামনা করেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top