নির্বাচন সুষ্ঠু হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানাল ফ্রান্স
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৪৩
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদীয় নির্বাচন সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে ফ্রান্স। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন-এর নির্বাচন পর্যবেক্ষক মিশনের ইতিবাচক মূল্যায়নকে স্বাগত জানিয়ে নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে দেশটি।
শনিবার ঢাকায় অবস্থিত বাংলাদেশে ফ্রান্স দূতাবাস থেকে প্রকাশিত এক বার্তায় বলা হয়, ১২ ফেব্রুয়ারির নির্বাচন সফলভাবে, সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশের জনগণ ও সংশ্লিষ্ট সকল পক্ষকে অভিনন্দন জানানো হয়।
দূতাবাস সকল নির্বাচিত প্রার্থীকে শুভেচ্ছা জানিয়েছে। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলটির চেয়ারম্যান তারেক রহমান-কে বিজয়ের জন্য অভিনন্দন জানানো হয়েছে।
বার্তায় আরও বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের ইতিবাচক সিদ্ধান্তকে ফ্রান্স স্বাগত জানায় এবং এ কাজে নিয়োজিত সকল স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের আন্তরিক ধন্যবাদ জানায়।
নবনির্বাচিত নেতৃত্বের অধীনে বাংলাদেশ ও ফ্রান্সের দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে দূতাবাস জানায়, দুই দেশের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে আরও এগিয়ে নিতে নতুন সরকারের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করতে আগ্রহী ফ্রান্স।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।