রমজানের প্রথম দিনেই জমজমাট চকবাজারের ঐতিহ্যবাহী ইফতারি বাজার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:৪১
পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারের ইফতারি বাজার রমজানের প্রথম দিন থেকেই দর্শনার্থী ও ক্রেতার ভিড়ে জমজমাট হয়ে উঠেছে। প্রতি বছর রমজান এলেই দেশজুড়ে ইফতারির স্বাদ নিতে এখানে ছুটে আসেন মানুষ। ৪০০ বছরের পুরোনো এই বাজার এখনও রোজাদারদের অন্যতম আকর্ষণ।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সরেজমিনে সার্কুলার রোডে দেখা যায়, জোহরের নামাজের পর থেকেই দোকানিরা ইফতারি সাজিয়ে বসেছেন। হাঁক-ডাকে মুখরিত পুরো এলাকা, আর ক্রেতাদের ভিড় দিনে দিনে বাড়ছে।
চকবাজারের ইফতারি বাজারে শুধু সাধারণ ছোলা, আলুর চপ, বেগুনি বা পেঁয়াজু নয়, বরং খাসির পা, চিকেন আচারি, টিকা, শাহী পরোটা, শাহী জিলাপি, বড় বাপের পোলায় খায়সহ প্রায় ১০০ রকম আইটেম পাওয়া যায়। খাসির লেগপিস ৯০০ টাকা, বড় বাপের পোলায় খায় প্রতি কেজি ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।
বিক্রেতা মোহাম্মদ জানান, বড় বাপের পোলায় খায় ঢাকার নানান স্থান থেকে ক্রেতাদের জন্য প্রস্তুত করা হয় ১২ ধরনের উপকরণ ও মসল্লা দিয়ে। আরেক বিক্রেতা মোশাররফ বলেন, “এবারও রোজার প্রথম দিন থেকেই বাজার জমজমাট। আমরা মানসম্মত ইফতারি বিক্রির চেষ্টা করি।”
চকবাজারে ব্যবসা মূলত বংশপরম্পরায় হলেও মৌসুমি ব্যবসীরাও রয়েছেন। ক্রেতারা শুধুমাত্র পুরান ঢাকার নয়, ঢাকার নানা প্রান্ত থেকে ইফতারি স্বাদ নিতে এখানে আসেন। মগবাজারের শামীম বলেন, “প্রতি বছর রোজা এলে চকবাজার থেকে ইফতার কিনি। আজ প্রথম রোজা তাই এখানেই এলাম।”
খিলগাঁওয়ের বাসিন্দা তাহেরুল বলেন, “বাজারে বিভিন্ন রকম মুখরোচক আইটেম পাওয়া যায় যা অন্য জায়গায় হয়তো পাওয়া যায় না। তবে বেশিরভাগ ইফতার খোলা রেখে বিক্রি করা হয়, যা নিয়ে সচেতন হওয়া উচিত।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।