চার্জশিট অনুমোদন
রাজস্ব ফাঁকির অভিযোগে আমদানিকারী কাসিফ ফোরকানের বিরুদ্ধে দুদকের মামলা
জোবায়ের হোসেন | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ২০:৪৯
দুর্নীতি দমন কমিশন (দুদক) ও শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষের দায়ের করা একাধিক মামলায় চট্টগ্রাম কাস্টমস সংশ্লিষ্ট রাজস্ব ফাঁকির অভিযোগে এক সিএন্ডএফ এজেন্টের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে।
মামলার আসামি মোহাম্মদ কাসিফ ফোরকান, যিনি ‘গ্যাবী ট্রেড ইন্টারন্যাশনাল’ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। প্রতিষ্ঠানটির ব্যবসায়িক ঠিকানা ঢাকার চুড়িহাট্টা এলাকার ১১৩ নম্বর নন্দকুমার দত্ত রোডে।
দুদক সূত্রে জানা যায়, দীর্ঘ ছয় বছর তদন্ত শেষে ২০১৯ সালে দায়ের করা মামলাগুলোর চার্জশিট অনুমোদন পাওয়া গেছে ২০২৫ সালের ডিসেম্বরে।
মামলার নথি অনুযায়ী, মোহাম্মদ কাসিফ ফোরকানের বিরুদ্ধে মোট তিনটি পৃথক মামলায় রাজস্ব ফাঁকির অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর দায়ের করা মামলা নম্বর ২৪-এ তিনি ০১ নম্বর আসামি। ওই মামলায় তার বিরুদ্ধে ৮০ লাখ ৯২ হাজার ৭৫৪ টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ রয়েছে।
এছাড়া ২০১৯ সালের ৫ আগস্ট দায়ের করা আরও দুটি মামলায় তিনি ০২ নম্বর আসামি। মামলা নম্বর ০৯-এ অভিযোগের পরিমাণ ১৫ লাখ ২২ হাজার ৩৩ টাকা এবং মামলা নম্বর ০২-এ অভিযোগের পরিমাণ ২০ লাখ ৯ হাজার ৭৬ টাকা।
সব মিলিয়ে তিন মামলায় তার বিরুদ্ধে প্রায় ১ কোটি ১৬ লাখ ২৩ হাজার ৮৬৩ টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ রয়েছে বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।
দুদকের চট্টগ্রাম-১ কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, আমদানি পণ্যের শুল্কায়নে অনিয়ম ও ভুল ঘোষণার মাধ্যমে রাষ্ট্রের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতিগ্রস্ত করা হয়েছে। তবে মামলাগুলোর বিচার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
অভিযুক্ত মোহাম্মদ কাসিফ ফোরকানের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিনি রাজধানীর ধানমন্ডির একটি আবাসিক এলাকায় এখনো ‘গ্যাবী ট্রেড ইন্টারন্যাশনাল’-এর কার্যক্রম পরিচালনা করছেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।