শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২

জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী ড. খলিলুর রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৯

সংগৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে এ পদে নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে মনোনীত করেছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

আগামী ২ জুন নিউইয়র্কে ইউনাইটেড ন্যাশন সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কূটনৈতিক সূত্র জানিয়েছে, এর আগে এ পদে বাংলাদেশের সঙ্গে ফিলিস্তিনের প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত ফিলিস্তিন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। ফলে বর্তমানে বাংলাদেশের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে সাইপ্রাস।

এর আগে অন্তর্বর্তী সরকার সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছিল। তবে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর নতুন করে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়।

প্রতিষ্ঠিত আঞ্চলিক রোটেশন নীতিমালা অনুযায়ী, এবারের সভাপতি নির্বাচিত হবেন এশিয়া-প্যাসিফিক গ্রুপ অব স্টেটস থেকে। আগামী সেপ্টেম্বরে ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। নির্বাচনি প্রক্রিয়ার অংশ হিসেবে ২০২৬ সালের মে মাসে বর্তমান ৮০তম অধিবেশনের সভাপতি আনালেনা শার্লট আলমা বেয়ারবক প্রার্থীদের সঙ্গে একটি অনানুষ্ঠানিক মতবিনিময় সভার আয়োজন করবেন।

কূটনৈতিক সূত্র বলছে, বাংলাদেশের জন্য এটি একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত। প্রায় চার দশক পর দেশটি আবারও সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচনের সুযোগ পাচ্ছে। সর্বশেষ ১৯৮৬ সালে ৪১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী।

সূত্র আরও জানায়, বাংলাদেশ প্রায় চার বছর আগে থেকেই এ পদে প্রার্থিতা ঘোষণা করে আসছিল। তবে ২০২৬-২৭ মেয়াদের জন্য এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নির্ধারিত এ পদে ফিলিস্তিন শেষ মুহূর্তে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করলে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়। গত বছরের সেপ্টেম্বরে সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে বাংলাদেশ নির্বাচনে থাকছে কি না, তা নিয়ে কূটনৈতিক মহলে কিছুটা অস্পষ্টতা দেখা দেয়।

এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও তুরস্ক বাংলাদেশকে নির্বাচনে অংশগ্রহণ অব্যাহত রাখার জন্য একাধিকবার অনুরোধ জানিয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সভাপতি পদে নির্বাচিত হলে তা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান আরও জোরদার করবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top