শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:৫৫

সংগৃহীত

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামীর আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন। সংসদে বিরোধী দলটির আমন্ত্রণে তিনি এ অনুষ্ঠানে যোগ দেন।

ইফতারে প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামী-এর আমির শফিকুর রহমান-এর সঙ্গে একই টেবিলে বসেন। তাদের সঙ্গে ছিলেন বিএনপি ও জামায়াতের অন্যান্য নেতা।

ইফতারে ধন্যবাদ জ্ঞাপন করে তারেক রহমান বলেন, “আজকের এ ইফতার মাহফিলে আসুন আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি যে, আমাদের আগামী দিনের কাজগুলো হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। আল্লাহর রহমতে আমরা দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করার তৌফিক পাব।”

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের মানুষ অনেক প্রত্যাশা ও আশা নিয়ে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। সম্প্রতি দেশের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। তিনি যোগ করেন, এই গণতন্ত্র অর্জনের পেছনে প্রায় এক দশকের ত্যাগ, অত্যাচার, গুম-খুন ও নির্যাতনের মাধ্যমে মানুষ তাদের বাক-ব্যক্তি স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে।

ইফতারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মঈন খান, বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মামুনুল হক, জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, এলডিপির সভাপতি অলি আহমদ, ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং সংসদ সদস্য, বিশিষ্ট ব্যক্তি ও সাংবাদিকসহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top