রোববার অমর একুশে বইমেলা শুরু দুপুর ২টায়
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১ মার্চ ২০২৬, ১১:০৪
রাজধানীতে রোববার থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। সময়সূচিতে সামান্য পরিবর্তন এনে আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, মেলা শুরু হবে দুপুর ২টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত।
মেলার নিয়মিত আয়োজনের অংশ হিসেবে বিকেল ৩টায় মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘স্মরণ : হামিদুজ্জামান খান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করবেন লালারুখ সেলিম। প্রবন্ধ উপস্থাপন করবেন নাসিমুল খবির এবং আলোচনায় অংশ নেবেন আইভি জামান। আলোচনা শেষে বিকেল ৪টা থেকে শুরু হবে সাংস্কৃতিক পরিবেশনা।
মেলার তৃতীয় দিনে নতুন এসেছে ৩৮টি বই। শুরু থেকেই নতুন প্রকাশিত বইয়ের প্রদর্শনী ঘিরে মেলা প্রাঙ্গণে বইপ্রেমীদের ভিড় লক্ষ্য করা গেছে।
আলোচনা সভায় ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক আহমদ রফিক-এর জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করেন বক্তারা।
বক্তারা বলেন, আহমদ রফিক ছিলেন সৃজনশীল ও সংবেদনশীল মানুষ। তিনি একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও মননসমৃদ্ধ জাতি গঠনের স্বপ্ন দেখতেন। সামাজিক অন্যায়-অবিচারের বিরুদ্ধে মেধা ও সাহসী অবস্থান নিয়ে তিনি আজীবন সোচ্চার ছিলেন। লেখকসত্তার দায়বদ্ধতা থেকেই তিনি বহুমাত্রিক বিষয়ে লেখালেখি করেছেন।
এবারের মেলায় অংশ নিয়েছে ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান। বাংলা একাডেমি প্রাঙ্গণে রয়েছে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান-এ রয়েছে ৪৬৮টি স্টল। মোট ইউনিট সংখ্যা ১ হাজার ১৮টি। গত বছর অংশ নিয়েছিল ৭০৮টি প্রতিষ্ঠান। মেলা চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।