ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় মসজিদে পাঁচটি জামাতের আয়োজন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ১৮:৫০
চাঁদ দেখা সাপেক্ষে এ বছর দেশের মুসলমানরা শুক্রবার (২০ মার্চ) অথবা শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন। এ উপলক্ষে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের প্রধান ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। এই জামাতে ইমামতি করবেন মুফতি মুহাম্মদ আবদুল মালেক, তার বিকল্প হিসেবে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।
বায়তুল মোকাররমে জামাতের সময়সূচি হলো সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিট। প্রথম জামাতে ইমামতি করবেন মাওলানা মিজানুর রহমান, দ্বিতীয় জামাতে মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, তৃতীয় জামাতে মাওলানা মো. জাকির হোসেন, চতুর্থে মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী, এবং শেষ জামাতে মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ।
সব জামাতের জন্য বিকল্প ইমাম হিসেবে থাকবেন মাওলানা শহীদুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ঈদের জামাতে প্রচুর মুসল্লি অংশগ্রহণ করেন। তাই নিরাপদ ও সুশৃঙ্খলভাবে জামাত আদায়ের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।