বিভিন্ন জেলায় ৫৪টি খাল খনন কর্মসূচির উদ্বোধন

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, ১২:০৫

ছবি: সংগৃহীত

দেশব্যাপী পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে ৫৪টি খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কেন্দ্রীয়ভাবে কর্মসূচির উদ্বোধনের পর দেশের বিভিন্ন জেলায় একযোগে এ কার্যক্রম শুরু হয়েছে।

উদ্বোধনী কার্যক্রমে বিভিন্ন জেলার সরকারি কর্মকর্তা, সংসদ সদস্য ও মন্ত্রীরা অংশ নেন। নাটোরে জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন নাটোর-৩ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু, নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ, জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজসহ সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহিন।

টাঙ্গাইলে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন।

সিলেটের ওসমানীনগর উপজেলায় চম্পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, খাল পুনঃখননের ফলে বন্যার অতিরিক্ত পানি ধারণ করা সম্ভব হবে। পাশাপাশি খালের দুই পাড়ে গাছের চারা রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। ফলে স্থানীয় মানুষ দ্রুতই এর সুফল পেতে শুরু করবে।

ময়মনসিংহে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এবং ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য মো. জাকির হোসেন বাবলু।

এদিকে সুনামগঞ্জে হরিরামপুর খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) হুমায়ুন কবির। অনুষ্ঠানে সুনামগঞ্জের বিভিন্ন আসনের সংসদ সদস্য, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডা. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

সরকারের এই উদ্যোগের মাধ্যমে দেশের নদী-নালা, খাল ও জলাধারের পানি ধারণক্ষমতা বৃদ্ধি, বন্যা নিয়ন্ত্রণ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top