জ্বালানি মজুদ ঠেকাতে আসছে কিউআর কোড ‘ফুয়েল পাস’, পরীক্ষামূলক চালু শিগগির
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ এপ্রিল ২০২৬, ১১:৪২
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি হওয়ায় দেশে জ্বালানি তেল অবৈধভাবে মজুদের প্রবণতা বেড়েছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার এপ্রিল মাস থেকেই কিউআর কোডভিত্তিক ডিজিটাল ‘ফুয়েল পাস’ চালুর প্রস্তুতি নিচ্ছে।
জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, মোবাইল অ্যাপের মাধ্যমে পরিচালিত এই ব্যবস্থায় প্রাথমিকভাবে মোটরসাইকেলে জ্বালানি সরবরাহ নিয়ন্ত্রণ করা হবে। নিবন্ধিত যানবাহন নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত পরিমাণ জ্বালানি নিতে পারবে।
জ্বালানি বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী জানিয়েছেন, ইতোমধ্যে একটি অ্যাপ তৈরি করা হচ্ছে এবং খুব শিগগিরই দেশের কয়েকটি এলাকায় পরীক্ষামূলকভাবে এটি চালু করা হতে পারে। তিনি বলেন, একযোগে সারা দেশে এই ব্যবস্থা চালু করা সম্ভব নয়, তাই সীমিত পরিসরে শুরু করে ধাপে ধাপে বিস্তৃত করা হবে।
এদিকে, ইতোমধ্যেই কিছু জেলায় জ্বালানি বিক্রি নিয়ন্ত্রণে ম্যানুয়াল পদ্ধতিতে ফুয়েল কার্ড চালু করা হয়েছে। সাতক্ষীরা, ঠাকুরগাঁও, চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জ জেলায় পেট্রল ও অকটেন কিনতে এই কার্ড দেখানো বাধ্যতামূলক করা হয়েছে।
বিশেষ করে সাতক্ষীরায় মোটরসাইকেলে জ্বালানি নিতে জেলা প্রশাসকের স্বাক্ষরযুক্ত ফুয়েল কার্ড প্রদর্শন করতে হচ্ছে। কার্ডে চালক ও যানবাহনের তথ্য উল্লেখ থাকে এবং প্রতিবার জ্বালানি নেওয়ার সময় পরিমাণ লিপিবদ্ধ করা হচ্ছে।
সরকারের এই উদ্যোগকে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা আনা এবং অযৌক্তিক মজুদ রোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।