শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

নকল হলে শিক্ষক-কেন্দ্র সচিবদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৬, ১৮:১৯

সংগৃহীত

পরীক্ষা কেন্দ্রে নকল প্রতিরোধে কঠোর অবস্থানের কথা জানিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, কোনো কেন্দ্রে নকলের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট কেন্দ্র সচিব ও শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমি-তে কুমিল্লা অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় কুমিল্লা শিক্ষা বোর্ড-এর কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রশাসনিক ও শিক্ষা বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি স্থাপন বাধ্যতামূলক করা হবে এবং প্রতিটি কক্ষে ক্যামেরা থাকবে। বিশেষ করে এমসিকিউ পরীক্ষার সময় অনিয়ম ঠেকাতে কোনো ধরনের ‘যান্ত্রিক গোলযোগ’-এর অজুহাত গ্রহণযোগ্য হবে না। বিদ্যুৎ সমস্যার ক্ষেত্রে আইপিএস ব্যবস্থার নির্দেশনাও দেন তিনি।

ড. মিলন অতীতের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, একসময় শিক্ষকরা নকলের সঙ্গে জড়িত ছিলেন, তবে তিনি নিজে নকলের বিরুদ্ধে আন্দোলন করেছেন। বর্তমানে আবার সেই প্রবণতা ফিরে আসায় সরকার কঠোর অবস্থান নিয়েছে বলেও জানান তিনি।

কোচিং সেন্টারের প্রসঙ্গে তিনি বলেন, নিয়ন্ত্রণহীনভাবে গড়ে ওঠা এসব প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনা হবে।

তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর দেওয়া দায়িত্ব অনুযায়ী তিনি শিক্ষাব্যবস্থা উন্নয়নে কাজ করছেন এবং আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন।

সভা শেষে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের বিভিন্ন সমস্যা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন শিক্ষামন্ত্রী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৫ আসনের জসিম উদ্দিন, কুমিল্লা-৯ আসনের আবুল কালাম, কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া, মো. শামছুল ইসলাম, জেলা প্রশাসক মু. রেজা হাসান এবং পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top