শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

“ছয় মাস পর আমিও ফেল”,পলিটেকনিকে শিক্ষার মান নিয়ে শিক্ষামন্ত্রীর মন্তব্য

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ১৪:৩৩

সংগৃহীত

কারিগরি শিক্ষার মান ও অবকাঠামোগত সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও শিক্ষকরা। শনিবার (১১ এপ্রিল) রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তারা নিয়মিত ক্লাস না হওয়া, পুরোনো ল্যাব, আধুনিক যন্ত্রপাতির অভাব এবং দক্ষ শিক্ষকের সংকটের কথা তুলে ধরেন।

শিক্ষার্থীদের অভিযোগ শুনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, “সামনে পরীক্ষা। তাতে তুমিও ফেল, ছয় মাস পর আমিও ফেল। কারও বাঁচার উপায় নেই।”

অনুষ্ঠানে শিক্ষার্থীরা জানান, অনেক সময় নিয়মিত ক্লাস হয় না এবং হাতে-কলমে শেখার সুযোগও সীমিত। মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থী অভিযোগ করেন, পুরোনো ভবন ও আধুনিক যন্ত্রপাতির অভাবে প্র্যাকটিক্যাল শেখা বাধাগ্রস্ত হচ্ছে।

এক শিক্ষক জানান, ১৯৬৩ সালের পুরোনো ভবনে এখনো ক্লাস ও ল্যাব পরিচালনা করতে হচ্ছে এবং প্রয়োজনীয় মেশিনারিজ নেই। ফলে শিক্ষার্থীদের বাস্তব দক্ষতা অর্জন কঠিন হয়ে পড়ছে।

শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, শিল্পপ্রতিষ্ঠানে ইন্টার্নশিপে পাঠানোর ক্ষেত্রে বৈষম্য রয়েছে এবং অনেককে ভালো প্রতিষ্ঠানে সুযোগ দেওয়া হয় না। এ বিষয়ে মন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চান এবং বলেন, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সরকারের চুক্তি রয়েছে, শিক্ষার্থীদের প্রশিক্ষণের সুযোগ দিতে হবে।

মন্ত্রী বলেন, সরকার কারিগরি শিক্ষার উন্নয়নে কাজ করছে এবং প্রয়োজনে নতুন প্রকল্প নেওয়া হবে। তিনি আরও জানান, শিক্ষার্থীদের সমস্যাগুলো শুনে বাস্তবভিত্তিক সমাধান করা হবে।

অনুষ্ঠানে শিক্ষক সংকট, ঝরেপড়া শিক্ষার্থী এবং দীর্ঘদিন ধরে বেতন না পাওয়া শিক্ষকদের বিষয়েও আলোচনা হয়। মন্ত্রী এসব সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয় ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top