আল্লাহর ঘরে যাচ্ছেন,দেশ ও মানুষের জন্য দোয়া করবেন:প্রধানমন্ত্রী তারেক রহমান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৮
চলতি বছরের হজ কার্যক্রমের অংশ হিসেবে প্রথম হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ তিনি এ উদ্বোধন করেন।
উদ্বোধনের পর রাত সাড়ে ১২টার দিকে উড়োজাহাজে গিয়ে হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। তিনি হজযাত্রীদের উদ্দেশে বলেন, তারা আল্লাহর ঘরে যাচ্ছেন—তাই দেশের শান্তি ও মানুষের কল্যাণের জন্য দোয়া করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি হজযাত্রীদের সুস্থভাবে দেশে ফেরার কামনাও করেন।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার ১৮ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করেছে, অথচ হজ ব্যবস্থাপনার বেশিরভাগ প্রস্তুতি এর আগেই সম্পন্ন হয়েছিল। ফলে বড় ধরনের পরিবর্তন আনার সুযোগ সীমিত ছিল। তারপরও সরকারের উদ্যোগে হজের খরচ প্রায় ১২ হাজার টাকা কমানো সম্ভব হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, আগামী বছর হজযাত্রীদের জন্য খরচ আরও কমানো এবং ভোগান্তি কমাতে সরকার কাজ করছে।
এ সময় উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ, ধর্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ, বেসামরিক বিমান চলাচল সচিব ফাহমিদা আখতার এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মোস্তফা মাহমুদ সিদ্দিক।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।