হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, প্রথম যাত্রায় যাচ্ছেন ৪১৯ জন হজযাত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ২১:২৪
সৌদি আরব ঘোষিত হজ ব্যবস্থাপনা পরিকল্পনা অনুযায়ী আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হচ্ছে। এর আগে ১৭ এপ্রিল রাত ১১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ এপ্রিল রাত ১২টা ২০ মিনিটে প্রথম হজ ফ্লাইটটি ৪১৯ জন যাত্রী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবে।
প্রথম দিন মোট ১৪টি ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করবে ৬টি, সৌদি আরবের সাউদিয়া ৪টি এবং ফ্লাইনাস পরিচালনা করবে আরও ৪টি ফ্লাইট।
এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনে অংশ নেবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে যাবেন ৭৩ হাজার ৯৩৫ জন।
হজ চুক্তি অনুযায়ী, মোট যাত্রীর ৫০ শতাংশ পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাকি ৫০ শতাংশের মধ্যে সাউদিয়া বহন করবে ৩৫ শতাংশ এবং ফ্লাইনাস ১৫ শতাংশ যাত্রী পরিবহন করবে।
আগামী ২১ মে পর্যন্ত হজপূর্ব ফ্লাইট চলবে। মোট ২০৭টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করবে ১০২টি, সাউদিয়া ৭৫টি এবং ফ্লাইনাস ৩০টি ফ্লাইট।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে তা ১ জুলাই পর্যন্ত চলবে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।