শ্রমিক সমাবেশে ঢাকার নয়াপল্টনে জনসমাগমের প্রস্তুতি, বক্তব্য দেবেন তারেক রহমান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ১৭:২৩
মহান মে দিবস উপলক্ষে আগামীকাল শুক্রবার (১ মে) রাজধানী ঢাকায় শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল।
দলীয় সূত্রে জানা গেছে, এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর ঢাকায় কোনো রাজনৈতিক সমাবেশে এটিই হবে তার প্রথম বক্তব্য।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
নজরুল ইসলাম খান বলেন, সমাবেশে তারেক রহমান শ্রমিকদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলবেন।
অন্যদিকে রুহুল কবির রিজভী বলেন, মে দিবস উপলক্ষে অনুষ্ঠিত এই সমাবেশে ঢাকাসহ আশপাশের জেলা থেকে বিপুল সংখ্যক শ্রমিক ও দলীয় নেতাকর্মী অংশ নেবেন, ফলে নয়াপল্টন এলাকায় বড় ধরনের জনসমাগম হবে।
আগামীকাল বেলা ৩টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু হবে বলে জানানো হয়েছে।
শ্রমিক দলের পাশাপাশি বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এতে যোগ দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।