বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে গৌরবোজ্জ্বল নতুন অধ্যায় রচনা করলেন বাবর আলী। প্রথম বাংলাদেশি হিসেবে তিনি জয় করেছেন বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বত মাকালু।
শনিবার (২ মে) বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে ৮ হাজার ৪৮৫ মিটার উচ্চতার এই দুর্গম শৃঙ্গের চূড়ায় পৌঁছান তিনি। নেপালের মহালাঙ্গুর হিমাল অঞ্চলে অবস্থিত মাকালু দীর্ঘদিন ধরেই পর্বতারোহীদের জন্য অন্যতম কঠিন চ্যালেঞ্জ হিসেবে পরিচিত।
‘এক্সপিডিশন মাকালু: দ্য ফিফথ ফ্রন্টিয়ার’ শিরোনামের এই অভিযানের আয়োজন করে ভার্টিক্যাল ড্রিমার্স। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, নেপালের আউটফিটার মোহন লামসালের বরাতে বাবরের শীর্ষ জয়ের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গত ৭ এপ্রিল বাংলাদেশ থেকে যাত্রা শুরু করে ৯ এপ্রিল নেপালের টুমলিংটার হয়ে সেদুয়া গ্রামে পৌঁছান বাবর। এরপর ধাপে ধাপে অগ্রসর হয়ে ১৮ এপ্রিল বেসক্যাম্পে পৌঁছে উচ্চতার সঙ্গে মানিয়ে নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেন।
অনুকূল আবহাওয়ার অপেক্ষা শেষে ৩০ এপ্রিল শুরু হয় চূড়ান্ত অভিযান। প্রথমে ক্যাম্প-২ এবং পরদিন ক্যাম্প-৩-এ পৌঁছে রাতেই শীর্ষ জয়ের উদ্দেশ্যে রওনা দেন তিনি। টানা কঠিন ও খাড়া পথ অতিক্রম করে অবশেষে ভোরে মাকালুর চূড়ায় পৌঁছাতে সক্ষম হন।
অভিযান সংশ্লিষ্টরা জানিয়েছেন, শীর্ষ জয় শেষে বর্তমানে নামার পথে রয়েছেন বাবর আলী। আজ ক্যাম্প-২ এবং আগামী ৩ মে বেসক্যাম্পে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
২০১৪ সালে পর্বতারোহণ শুরু করা বাবর আলী এরই মধ্যে একাধিক সাফল্য অর্জন করেছেন। ২০২২ সালে আমা দাবলাম জয় করেন তিনি। ২০২৪ সালে একই অভিযানে স্পর্শ করেন এভারেস্ট ও লোৎসে শৃঙ্গ। এছাড়া অন্নপূর্ণা-১ এবং কৃত্রিম অক্সিজেন ছাড়াই মানাসলু জয়ের কৃতিত্বও রয়েছে তার ঝুলিতে।
মাকালু অভিযানে বাবরের সঙ্গী ছিলেন আং কামি শেরপা। এই অভিযানে পৃষ্ঠপোষকতা দিয়েছে ভিজুয়াল নেটওয়ার্কস লিমিটেড, সামুদা স্পেক-কেম লিমিটেড, মাই হেলথ, চন্দ্রবিন্দু প্রকাশন ও রহমান্স গ্রোসারিজ।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।