সিলেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২ মে ২০২৬, ১৭:৩৩
শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে প্রতিভা অন্বেষণের লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার বিকাল পৌনে ৪টায় সিলেট জেলা স্টেডিয়ামে বিপুলসংখ্যক শিশু-কিশোরের উপস্থিতিতে আয়োজনটির উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।
সারাদেশে ছড়িয়ে থাকা শিশু-কিশোরদের মধ্য থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে এই প্রতিযোগিতা চালু করা হয়েছে। এর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে দক্ষ ও সম্ভাবনাময় খেলোয়াড় গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী ক্রীড়া পরিদপ্তর এ কর্মসূচি বাস্তবায়ন করছে। এতে তত্ত্বাবধান করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
আশির দশকের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি’র ধারাবাহিকতায় এবার ক্রীড়াক্ষেত্রে প্রতিভা তুলে আনতেই নেওয়া হয়েছে এই উদ্যোগ।
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ভবিষ্যৎ প্রজন্মের দক্ষ খেলোয়াড় তৈরিতে শক্তিশালী মঞ্চ হিসেবে কাজ করবে।
জানা গেছে, ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা, বাছাই করা এবং রাষ্ট্রীয়ভাবে তাদের বিকাশের সুযোগ তৈরি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। এ আয়োজনের আওতায় ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্টসহ মোট আটটি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।