ইরান যুদ্ধ নিয়ে খবর: প্রভাবশালী দুই মিডিয়ার উপর চরম ক্ষেপেছেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২ মে ২০২৬, ১৭:৪৪
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান সামরিক উত্তেজনা নিয়ে সংবাদ প্রকাশের জেরে যুক্তরাষ্ট্রের দুই প্রভাবশালী গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস ও সিএনএনের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প সিএনএনকে ‘নির্বোধ’ আখ্যা দেন এবং নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনকে ‘রাষ্ট্রদ্রোহিতামূলক’ বলে মন্তব্য করেন। কর্মীদের অবসরকালীন সঞ্চয় সুবিধা বাড়াতে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনায় নিজের অবস্থান স্পষ্ট করে ট্রাম্প দাবি করেন, ইরানকে সামরিকভাবে প্রায় ধ্বংস করে দেওয়া হয়েছে। তার ভাষায়, বিভিন্ন প্রতিবেদনে ইরানের সামরিক সক্ষমতা নিয়ে ইতিবাচক চিত্র তুলে ধরা হলেও বাস্তবে দেশটির তেমন শক্তি অবশিষ্ট নেই। একই সঙ্গে তিনি জানান, প্রতিপক্ষের অবস্থান বোঝার জন্যই তিনি সিএনএন দেখেন।
ট্রাম্পের অভিযোগ, এই দুই গণমাধ্যম এমনভাবে সংবাদ প্রকাশ করছে যাতে মনে হয় যুদ্ধে ইরান এগিয়ে রয়েছে। বিশেষ করে নিউ ইয়র্ক টাইমসের কিছু লেখা উচ্চপর্যায় থেকে প্রভাবিত বলেও দাবি করেন তিনি, যা তার মতে উদ্বেগজনক।
ইরানের সামরিক অবস্থান নিয়ে উদ্বেগ নেই বলেও জানান ট্রাম্প। তার দাবি, বাস্তবতা হলো—যুক্তরাষ্ট্র ইরানকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
এর আগে নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয় বোর্ড এক বিশ্লেষণে উল্লেখ করে, এই সংঘাতে মার্কিন সামরিক শক্তি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। সেখানে বলা হয়, বিচ্ছিন্ন সাফল্য বড় ধরনের জয় এনে দিতে পারছে না; বরং তা ওয়াশিংটনের অবস্থানকে আরও নড়বড়ে করে তুলতে পারে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।