সুস্থ সংস্কৃতি চর্চায় অপসংস্কৃতি ও মাদক প্রতিরোধ সম্ভব: সংস্কৃতি মন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৪ মে ২০২৬, ২১:১৮
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমেই অপসংস্কৃতি দূর করা সম্ভব। একই সঙ্গে মাদকের বিস্তার রোধেও সাংস্কৃতিক চর্চাকে জোরদার করতে হবে।
শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমি-এর নাট্যশালা মিলনায়তনে আয়োজিত ‘বর্ষবিদায় ১৪৩২ ও বর্ষবরণ ১৪৩৩’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান সুরসপ্তক।
মন্ত্রী বলেন, দেশে মাদকের ভয়াবহতা উদ্বেগজনক হারে বাড়ছে, যা স্কুল-কলেজের শিক্ষার্থীসহ পুরো যুবসমাজকে গ্রাস করছে। তিনি এটিকে একটি সুপরিকল্পিত চক্রান্ত উল্লেখ করে বলেন, এই পরিস্থিতিতে কেউ নিশ্চিন্ত থাকতে পারে না।
তিনি আরও বলেন, অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলো হাজার বছরের সমৃদ্ধ বাঙালি সংস্কৃতি। তাই এই সংস্কৃতিকে দেশজুড়ে ছড়িয়ে দিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নানা উদ্যোগ গ্রহণ করবে।
মন্ত্রী জানান, আগামী ৮ মে কুষ্টিয়ার শিলাইদহসহ দেশব্যাপী রবীন্দ্রজয়ন্তী এবং ২৫ মে ময়মনসিংহের ত্রিশালসহ সারা দেশে নজরুল জয়ন্তী বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একুশে পদকপ্রাপ্ত সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল ই মোহামেদ, ইউসিবি-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ এবং এসএমসি-এর ব্যবস্থাপনা পরিচালক তছলিম উদ্দিন খান।
অনুষ্ঠানে বক্তারা দেশের সাংস্কৃতিক চর্চা বিস্তারে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।