স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে পরামর্শক কমিটি আসছে
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৪ মে ২০২৬, ২১:১৯
গণমাধ্যমের স্বাধীনতা ও জবাবদিহি নিশ্চিত করতে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে অংশীজনদের নিয়ে একটি পরামর্শক কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
রোববার রাজধানীর তথ্য ভবন মিলনায়তনে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ প্রস্তাব তুলে ধরেন।
মন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে গণমাধ্যম একটি জটিল বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে। যুদ্ধ ও সংকটপূর্ণ অঞ্চলে সাংবাদিকদের ঝুঁকি যেমন বেড়েছে, তেমনি ডিজিটাল প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগ মাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তারে তথ্য প্রবাহের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। ফলে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন চিন্তাভাবনার প্রয়োজন রয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার একটি স্বাধীন, শক্তিশালী ও দায়িত্বশীল গণমাধ্যম ব্যবস্থা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
গণমাধ্যম কমিশন প্রসঙ্গে মন্ত্রী জানান, সম্পাদক পরিষদ, সাংবাদিক সংগঠন, গণমাধ্যম মালিকসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ধারাবাহিক সংলাপের মাধ্যমে একটি গ্রহণযোগ্য কাঠামো তৈরি করা হবে। পরামর্শক কমিটি সেই কাঠামো নির্ধারণে কাজ করবে।
সরকার গণমাধ্যমে হস্তক্ষেপে বিশ্বাস করে না উল্লেখ করে তিনি বলেন, নির্ভীক, বস্তুনিষ্ঠ ও পক্ষপাতহীন সাংবাদিকতা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ।
ডিজিটাল যুগে ভুয়া তথ্য ও অপতথ্যের বিস্তার রোধে প্রতিটি গণমাধ্যমে শক্তিশালী ফ্যাক্ট-চেকিং ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো সংবাদ প্রকাশ করা উচিত নয়।
তিনি আরও বলেন, গণমাধ্যম কেবল ব্যবসা নয়, রাষ্ট্র ও সমাজের ভারসাম্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই এই খাতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা দেওয়া হবে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. এস এম শামীম রেজা।
আলোচনা সভায় বক্তব্য দেন নোয়াব সভাপতি ও মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, অ্যাটকোর মহাসচিব ও একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম, সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী এবং ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক মোস্তফা আকমল।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম।
এর আগে দিবসটি উপলক্ষে সকালে অফিসার্স ক্লাব থেকে তথ্য ভবন পর্যন্ত একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মন্ত্রণালয় ও এর অধীনস্থ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।