শুক্রবার, ৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

ঈদুল আজহায় ২৫ মে থেকে ৭ দিনের ছুটি ঘোষণা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ মে ২০২৬, ১২:০৯

ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ছুটি থাকবে। তবে ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) সরকারি অফিস খোলা থাকবে।

বৃহস্পতিবার রাতে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

একই বৈঠকে ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’-এর খসড়াও অনুমোদন করা হয়। এই নীতিমালার মূল লক্ষ্য হলো সারা দেশে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত পাবলিক টয়লেট ব্যবস্থা গড়ে তোলা এবং এর ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা।

এছাড়া নারী, শিশু, প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ব্যবহারবান্ধব টয়লেট সুবিধা নিশ্চিত করার বিষয়টিও এতে গুরুত্ব দেওয়া হয়েছে।

নীতিমালায় পাবলিক টয়লেট ব্যবস্থার দীর্ঘমেয়াদি কার্যকারিতা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থাপনা ও অর্থায়ন কাঠামো গড়ে তোলার কথা বলা হয়েছে। পাশাপাশি নিয়মিত পর্যবেক্ষণ ও মূল্যায়নের মাধ্যমে সময়োপযোগী হালনাগাদের ব্যবস্থা রাখার নির্দেশনাও রয়েছে।

শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারের সচেতনতা বাড়াতে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়েছে।

এছাড়া উন্নয়ন প্রকল্পগুলোতে নারীদের জন্য পৃথক টয়লেট নির্মাণ বাধ্যতামূলক করার নির্দেশনা দেওয়া হয়েছে। সব টয়লেটে বর্জ্য ব্যবস্থাপনার জন্য সেপটিক ট্যাংক নির্মাণও আবশ্যক করা হয়েছে, যাতে কোনোভাবেই বর্জ্য নদী, খাল-বিল বা জলাশয়ে গিয়ে পরিবেশ দূষণ না ঘটায়।

সড়ক ও মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে নারী ও পুরুষের জন্য পৃথক পাবলিক টয়লেট স্থাপনে স্থানীয় সরকার বিভাগ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top