শুক্রবার, ৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

৩৭ লাখ টাকায় বিদ্যালয়ের দোতলা ভবন নির্মাণ, কিন্তু নেই সিঁড়ি

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ৮ মে ২০২৬, ১২:২৫

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার তালতলা সপ্তপল্লী উচ্চ বিদ্যালয়ে সিঁড়ি ছাড়াই দোতলা ভবন নির্মাণের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবনের দ্বিতীয় তলা দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে আছে। ফলে শ্রেণিকক্ষ সংকটে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে।

জানা গেছে, শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে জেলা পরিষদ ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে চার ধাপে এই একাডেমিক ভবনটি নির্মাণ করা হয়। সর্বশেষ ২০২১-২২ অর্থবছরে ভবনের দ্বিতীয় তলার কাজ সম্পন্ন হয়।

খোঁজ নিয়ে জানা যায়, ভবনের নিচতলায় সীমিত পরিসরে ক্লাস চললেও ওপরের তলায় ওঠার কোনো সিঁড়ি নেই। ফলে দ্বিতীয় তলা ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। একই সঙ্গে ভবনের কিছু নির্মাণকাজও এখনো অসম্পূর্ণ রয়েছে।

বিদ্যালয়ে শ্রেণিকক্ষের তীব্র সংকট থাকায় নিচতলায় একাধিক শ্রেণির ক্লাস একই কক্ষে বাঁশের চাটাই দিয়ে ভাগ করে নেওয়া হচ্ছে। এতে শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

নবম শ্রেণির শিক্ষার্থী চৈত্র রায় ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী সবুজ মণ্ডল জানান, নতুন ভবনের কক্ষ ব্যবহার করতে না পারায় তারা চরম দুর্ভোগে পড়েছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের অর্থ বরাদ্দ থাকলেও ঠিকভাবে কাজ সম্পন্ন না করায় অর্থের অপচয় হয়েছে। তারা বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ বন্ধু রায় বলেন, সংশ্লিষ্ট প্রকৌশলীর গাফিলতির কারণে সিঁড়ি ছাড়াই ভবন নির্মাণ করা হয়েছে। প্রায় চার বছর ধরে দ্বিতীয় তলা ব্যবহার করা যাচ্ছে না। একাধিক দপ্তরে আবেদন করেও কোনো সমাধান মেলেনি।

এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, অর্থ সংকটের কারণে সিঁড়ির কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top