দক্ষিণ কোরিয়ায় বিশ্বের প্রথম রোবট ‘সন্ন্যাসী’র আত্মপ্রকাশ
তথ্য প্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ৮ মে ২০২৬, ১১:৩৭
বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র উৎসব বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধের জন্মজয়ন্তীকে সামনে রেখে অভিনব এক ঘটনার সাক্ষী হলো দক্ষিণ কোরিয়া। দেশটির রাজধানী সিউলের ঐতিহ্যবাহী জোগিয়ে মন্দিরে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে দেশটির প্রথম মানবসদৃশ যান্ত্রিক সন্ন্যাসী।
ধূসর ও বাদামী রঙের ঐতিহ্যবাহী বৌদ্ধ সন্ন্যাসীর পোশাক পরে মন্দিরে উপস্থিত হলে এটি ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করে।
এই যান্ত্রিক সন্ন্যাসী শুধু একটি প্রযুক্তি নয়, এটি ধর্মীয় আচার-অনুষ্ঠানের ভঙ্গি অনুকরণ করে শ্রদ্ধা নিবেদন করতে সক্ষম। বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বুদ্ধের জন্মবার্ষিকীর প্রাক্কালে এটিকে প্রথমবার জনসমক্ষে আনা হয়।
প্রায় ১৩০ সেন্টিমিটার উচ্চতার এই যান্ত্রিক সন্ন্যাসী হাত জোড় করে প্রার্থনা করা এবং মাথা নত করে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতো অভিবাদন জানানোর ক্ষমতা রাখে।
মন্দির কর্তৃপক্ষের মতে, প্রযুক্তিনির্ভর আধুনিক তরুণ প্রজন্মের কাছে বৌদ্ধ ধর্মের দর্শনকে আরও আকর্ষণীয়ভাবে তুলে ধরা এবং ধর্মীয় ঐতিহ্যের সঙ্গে আধুনিক প্রযুক্তির সংযোগ তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
এদিকে মন্দিরে আগত দর্শনার্থীরা এই যান্ত্রিক সন্ন্যাসীকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ এটিকে ধর্মের আধুনিক রূপ হিসেবে দেখছেন, আবার কেউ একে কেবল কৌতূহলের বিষয় হিসেবে বিবেচনা করছেন।
তবে বুদ্ধ পূর্ণিমার আগে এই যান্ত্রিক সন্ন্যাসীর আগমন দক্ষিণ কোরিয়ার ধর্মীয় সংস্কৃতি ও পর্যটনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।