শুক্রবার, ৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

অনলাইনেই মিলছে ঈদের বাসের আগাম টিকিট, জেনে নিন কেনার পদ্ধতি

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ মে ২০২৬, ১৭:০০

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতির পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার সকাল থেকে বিভিন্ন পরিবহনের কাউন্টার ও অনলাইন মাধ্যমে টিকিট বিক্রি শুরু হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ২১ মে থেকে ঈদের আগ পর্যন্ত যাত্রার জন্য এসব অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। ফলে যাত্রীরা এখন থেকেই দেশের বিভিন্ন গন্তব্যের বাসের টিকিট সংগ্রহ করতে পারছেন।

বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতি জানিয়েছে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই। অনলাইন প্ল্যাটফরমেও একই ভাড়া কার্যকর থাকবে।

সংগঠনটি আরও জানিয়েছে, যাত্রীদের সুবিধার্থে প্রতিটি কাউন্টারে নির্ধারিত ভাড়ার তালিকা টানিয়ে রাখতে হবে, যাতে সহজেই ভাড়ার তথ্য জানা যায়।

যেভাবে অনলাইনে কাটবেন বাসের টিকিট-

বর্তমানে অনলাইনে বাসের টিকিট কেনার জন্য বেশ কয়েকটি মাধ্যম চালু রয়েছে। যাত্রীরা ওয়েবসাইট কিংবা মোবাইল অ্যাপ ব্যবহার করে সহজেই টিকিট সংগ্রহ করতে পারবেন। এ জন্য প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্র নম্বর ও মোবাইল নম্বর।

প্রথমে নির্ধারিত ওয়েবসাইট বা অ্যাপে প্রবেশ করে কোথা থেকে কোথায় যেতে চান এবং যাত্রার তারিখ নির্বাচন করতে হবে। এরপর বাস খোঁজার অপশনে চাপ দিলে বিভিন্ন পরিবহনের নাম, ছাড়ার সময় ও ভাড়ার তথ্য দেখা যাবে।

সেখান থেকে পছন্দের বাস ও আসন নির্বাচন করতে হবে। সাধারণত বুকিং হয়ে যাওয়া আসন লাল বা কালো রঙে এবং খালি আসন সবুজ বা সাদা রঙে দেখানো হয়।

আসন নির্বাচন শেষে যাত্রীর প্রয়োজনীয় তথ্য দিতে হবে। এরপর মোবাইল ব্যাংকিং বা ই-ব্যাংকিং সেবার মাধ্যমে ভাড়া পরিশোধ করা যাবে। তবে আসন নির্বাচনের ৩০ মিনিটের মধ্যেই টাকা পরিশোধ সম্পন্ন করতে হবে।

পেমেন্ট শেষ হলে টিকিট ডাউনলোডের সুযোগ পাওয়া যাবে। যাত্রার সময় টিকিটের মুদ্রিত কপি সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top