শুক্রবার, ৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

আজ কিংবদন্তি অভিনেত্রী শর্মিলী আহমেদের ৭৯তম জন্মবার্ষিকী

চিত্তবিনোদন ডেস্ক | প্রকাশিত: ৮ মে ২০২৬, ১৫:৫০

ছবি: সংগৃহীত

বাংলা চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের কিংবদন্তি অভিনেত্রী শর্মিলী আহমেদের ৭৯তম জন্মবার্ষিকী আজ। ১৯৪৭ সালের ৮ মে জন্ম নেওয়া এই গুণী শিল্পীর আসল নাম ছিল মাজেদা মল্লিক। ছোটবেলা থেকেই সংস্কৃতিচর্চার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। মাত্র চার বছর বয়সে মঞ্চে অভিনয়ের মাধ্যমে তার শিল্পীজীবনের সূচনা হয়।

পরে রাজশাহী বেতারে ঘোষক ও নাট্যশিল্পী হিসেবেও কাজ করেন শর্মিলী আহমেদ। চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয় বজলুর রহমান পরিচালিত ‘ঠিকানা’ সিনেমার মাধ্যমে। যদিও ছবিটি মুক্তি পায়নি। ১৯৬৮ সালে মুক্তিপ্রাপ্ত উর্দু ভাষার চলচ্চিত্র ‘জুগনু’ ছিল তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা। একই বছরে সুভাষ দত্ত পরিচালিত ‘আবির্ভাব’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান গড়ে তোলেন তিনি।

অভিনয় জীবনের শুরুতে নায়িকা চরিত্রে অভিনয় করলেও সময়ের সঙ্গে মা, খালা, ভাবি কিংবা অভিভাবকসুলভ নানা চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে বিশেষ স্থান করে নেন এই অভিনেত্রী। সহজাত অভিনয় দক্ষতা, সংলাপ উপস্থাপনের স্বতন্ত্র ভঙ্গি এবং পর্দায় স্বাভাবিক উপস্থিতির কারণে তিনি হয়ে ওঠেন বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের অত্যন্ত নির্ভরযোগ্য মুখ।

বাংলাদেশ টেলিভিশনের শুরুর দিকের জনপ্রিয় ধারাবাহিক ‘দম্পতি’ নাটকেও অভিনয় করেছিলেন শর্মিলী আহমেদ। দীর্ঘ অভিনয়জীবনে প্রায় ৪০০টির বেশি নাটক এবং দেড় শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।

তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আবির্ভাব’, ‘আগুন’, ‘বসুন্ধরা’, ‘রূপালী সৈকতে’, ‘দহন’, ‘লাল গোলাপ’, ‘বেয়াদব’, ‘বিক্ষোভ’ ও ‘আলিঙ্গন’সহ বহু জনপ্রিয় সিনেমা। ছোটপর্দাতেও রয়েছে তার অসংখ্য স্মরণীয় কাজ।

শর্মিলী আহমেদ ছিলেন জনপ্রিয় অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জলির বোন। ব্যক্তিজীবনে তিনি নির্মাতা রকিবউদ্দিন আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

২০২২ সালের ৮ জুলাই রাজধানীর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বরেণ্য অভিনেত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তার মৃত্যুতে দেশের শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এলেও অভিনয়, ব্যক্তিত্ব ও অবদানের কারণে তিনি আজও দর্শকের হৃদয়ে অমলিন হয়ে আছেন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top