মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে পোলিং এজেন্টকে বাধা, সেনাবাহিনীর হস্তক্ষেপে সমাধান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২০

সংগৃহীত

ভোটগ্রহণ শুরুর ঠিক আগ মুহূর্তে রাজধানীর মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রের একটি ভোটকক্ষে পোলিং এজেন্টকে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতির সমাধান হয়।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া সাতটার দিকে শাপলা প্রতীকের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারীর পোলিং এজেন্ট গোলাম মোস্তফা কেন্দ্রের ২ নম্বর ভোটকক্ষে প্রবেশ করতে গেলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। তার অভিযোগ, প্রয়োজনীয় বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও ‘ধানের শীষ’ প্রতীকের সমর্থকেরা তাকে ভেতরে ঢুকতে বাধা দেন।

সকাল সাড়ে সাতটায় ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও গোলাম মোস্তফাকে কেন্দ্রের বাইরে অবস্থান করতে দেখা যায়। এ সময় দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তাৎক্ষণিকভাবে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেননি।

গোলাম মোস্তফা সাংবাদিকদের বলেন, “ভোট শুরুর সময় হয়ে গেলেও আমাকে ঢুকতে দেওয়া হয়নি। পুলিশ থেকেও কোনো সহায়তা পাচ্ছিলাম না। কেন আমাকে বাধা দেওয়া হচ্ছে, সে বিষয়ে প্রথমে কেউ স্পষ্ট কিছু জানাননি।”

এ বিষয়ে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশের উপপরিদর্শক (এসআই) মোমিন জানান, বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। প্রিজাইডিং কর্মকর্তা আবুল কালাম আজাদ তাৎক্ষণিকভাবে বিস্তারিত মন্তব্য করতে না পারলেও পরে পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

ঘটনার একপর্যায়ে সেনাবাহিনীর একটি টহল দল কেন্দ্রে পৌঁছে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে পরিস্থিতি পর্যালোচনা করে। পরে শাপলা প্রতীকের পোলিং এজেন্ট গোলাম মোস্তফাকে ভোটকক্ষে প্রবেশের ব্যবস্থা করে দেওয়া হয়। সকাল প্রায় ৭টা ৪০ মিনিটের দিকে তিনি ভোটকক্ষে প্রবেশ করতে সক্ষম হন।

সেনাবাহিনীর হস্তক্ষেপের পর কেন্দ্রের উত্তেজনা প্রশমিত হয় এবং ভোটারদের মধ্যে বিরাজমান উদ্বেগ কমে আসে। এরপর কেন্দ্রটিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলতে দেখা যায়। সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কেন্দ্রের ভেতরে ও বাইরে সতর্ক অবস্থানে রয়েছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top